ডাকাতদের হাতে মা ও মেয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার

  • ডেস্ক
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২০ ০৯:৫০:০০
  • কপি লিঙ্ক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডাকাতদের হাতে মা ও মেয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে বরগুনার তালতলীতে এক শিশু, নোয়াখালীর চাটখিলে এক স্কুলছাত্রী এবং বগুড়ার শেরপুর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :

হবিগঞ্জ : চুনারুঘাটের রানীগাঁও ইউনিয়নে গত শুক্রবার ভোররাতের ঘটনায় গতকাল রবিবার বিকেলে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার জীবধর ছড়া গ্রামের সফিক মিয়ার ছেলে শাকিল মিয়া (২৬) এবং রেজাক মিয়ার ছেলে হারুন মিয়া (২৮)। এ ব্যাপারে শনিবার রাতে চুনারুঘাট থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো তিন-চারজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী মেয়েটি।

স্থানীয় সূত্র জানায়, কিছু যুবক রানীগাঁওয়ে একটি ঘরে ঢুকে এক নারী (৪৫) ও তাঁর মেয়েকে (২৫) মুখ বেঁধে ধর্ষণ করে। পরে তারা ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম বলেন, গ্রেপ্তারকৃত দুই ধর্ষণকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। দুই ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

আমতলী (বরগুনা) শিশু ধর্ষণ

মায়ের সঙ্গে তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নে নানার বাড়ি গিয়ে শিশুটি (৭) গত বুধবার সন্ধ্যায় তার এক আত্মীয়র হাতে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ। অসুস্থ শিশুটিকে শারিকখালী ইউপির চেয়ারম্যান মো. আবুল বাশার বাদশা তালুকদার ও গ্রাম পুলিশ মামুনের সহায়তায় গত শনিবার সন্ধ্যায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্বজনরা। এদিন ভুক্তভোগী শিশুটির আবার রক্তক্ষরণ হলে সে ঘটনাটি মাকে খুলে বলে।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফারজানা আক্তার দিনা বলেন, আপাতত এতটুকুই বলা যাচ্ছে, শিশুটি হয়রানির শিকার হয়েছে। তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী

চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে একাধিকবার ধর্ষণে অভিযুক্ত আব্দুর রহমান প্রান্তকে (১৮) গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বানসা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর ভাবি গতকাল চাটখিল থানায় মামলা করেছেন। জানা যায়, প্রান্তর সঙ্গে স্কুলছাত্রীর তিন মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এই সূত্রে প্রান্ত তাকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ গত শনিবার রাতে প্রান্ত ছাত্রীটির ঘরে গেলে পরিবারের লোকজন তাঁকে আটক করে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য