তুহিন হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

  • নিজস্ব প্রতিদেবক
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের কলেজছাত্র তানভীর ইসলাম ওরফে তুহিন হত্যার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় সংবাদ সম্মেলনে তার পরিবার। গত ৪ ডিসেম্বর তানভীর ও তার কয়েকজন বন্ধুর উপর হামলা চালায় একদল লোক।

ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে কলেজছাত্র তানভীর ইসলাম ওরফে তুহিন (২১) নিহত হন। এ ঘটনায় মামলা হলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তানভীরের মা তাহমিনা বেগমের লিখিত বক্তব্য পড়ে শোনান খালা তাহেরা বেগম।

লিখিত বক্তব্যে বলা হয়, পূর্ব শুত্রুতার জের ধরে গত ৪ ডিসেম্বর ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামে একটি ওরশ শরীফ থেকে তানভীর ও তার বন্ধুরা বাড়ি ফিরছিলেন। আদমপুর এলাকায় আসামি ১০/১৫ জনের একটি দল তাদের উপর দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে ছুরিকাহত হয়ে তানভীর নিহত হন।

গত ৫ ডিসেম্বর তানভীরের মামা ফারুক মিয়া বাদী হয়ে রিভেঞ্জকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও পাঁচ/সাত জনের নামে একটি হত্যা মামলা করেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, আজ পর্যন্ত পুলিশ একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি। উল্টো তারা বাদীর স্বজনদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে; যার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী শারমিন বেগম, মামলার বাদী মো. ফারুক মিয়া প্রমুখ।

ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান জানান, ভাঙ্গা থানায় এ মামলাটি দায়ের করার পর সকল আসামি আত্মগোপন করেছে। ফলে ওই মামলা দায়েরর পর থেকে কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সম্প্রতি মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থনান্তরিত করা হয়েছে বলে ওসি জানান।

বর্তমান এ মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন সিআইডির এসআই সুরজিৎ বিশ্বাস। তিনি বলেন, গত ১ জানুয়ারি এ মামলার নথি সিআইডির কার্যালয়ে আসে। আসামি ধরার চেষ্টা চলছে।

মন্তব্য