চরভদ্রাসনে অজ্ঞাতএক নারীসহ দু'জনের লাশ উদ্ধার

  • চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসনে সদর ইউনিয়ন থেকে স্বর্না আক্তার (১৫) নামে এক কিশোরী ও গাজীরটেক ইউনিয়ন থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৭ টার দিকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত স্বর্না সদর ইউনিয়নের কামার ডাঙ্গী গ্রামের মৃত মুন্নাফ বেপারীর মেয়ে। সে রোকনউদ্দীন সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

স্বর্নার মেজো বোন বন্যা আক্তার জানান, ওই দিন বাড়ির সকলে পার্শ্ববর্তী পদ্মা নদীতে নৌকা বাইচ দেখতে যায়। এ সময় স্বর্না একাই বাড়িতে ছিল। নৌকা বাইচ শেষে বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি।

পরে অনেক ডাকাডাকির পরও স্বর্না দরজা খুলেনি। স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে স্বর্নাকে আড়ার সাথে গলায় উড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কালাম আজাদ তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, গাজীরটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াকুব আলী জানান, শনিবার সন্ধার পূর্বে হাজিগঞ্জ বাজারের উত্তর পূর্ব কোণের ডুবো চরে গোসল করতে যায় এরশাদিয়া মাদ্রাসার ছাত্ররা। এ সময় তারা গলিত অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর লাশ ভাসমান দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ এসে রাত আটটার দিকে লাশ থানায় নিয়ে যায়।

চরভদ্রাসন থানা পরিদর্শক হারুন অর রশিদ জানান, লাশ উদ্ধারের পর দু’টি অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য