আ.লীগ নেতাসহ পাঁচ জনের ৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। সিআইডি বলছে, তদন্তে প্রাথমিকভাবে দুই হাজার কোটি টাকা অবৈধ উপায়ে অর্জন ও পাচারের তথ্য পাওয়া গেছে, বিষয়টি এখনো তদন্তাধীন আছে।
গত ১৬ জুন রাতে ফরিদপুর শহরের মোল্লাবাড়ি সড়কে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এরপর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা হয়।
৭ জুলাই পুলিশের হাতে গ্রেপ্তার হন ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, তার ভাই ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ মোট ১৮ জন। এরপর শহরের এক সময়ের প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়।
এরই ধারাবাহিকতায় হওয়া মামলায় দুই হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে আ.লীগ নেতাসহ পাঁচ জনের ৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
অ্যাকাউন্ট জব্দ হওয়া অপর তিন জন হলেন, আসামি বরকতের স্ত্রী আফরোজা আক্তার পারভিন, রুবেলের স্ত্রী সোহেলী ইমরোজ পুনম এবং আব্দুল সাদেক মুকুল। সিআইডি পুলিশ বরকত ও রুবেলের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তদন্তে নামে। তদন্তে দুই হাজার কোটি টাকা অবৈধ উপায়ে অর্জন ও পাচারের তথ্য পাওয়া গেলে ঢাকার কাফরুল থানায় মামলা করে সিআইডি।
এর আগে হাজার কোটি টাকা পাচারের মামলায় গ্রেফতার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহামুদ শামীম।






মন্তব্য