দুপচাঁচিয়ায় ট্রাক পিষে দিল দুই প্রাণ

  • অনলাইন
  • রবিবার, ১০ এপ্রিল ২০২২ ১১:০৪:০০
  • কপি লিঙ্ক

বগুড়ায় দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার সকাল ৭টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের উপজেলার থানা বাসট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার খান্দার স্টেডিয়াম গেট এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন পলাশ (৪৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার আলোবাদিয়া গ্রামের মৃত গাজী আবু সাঈদ শেখের ছেলে শোয়েব মাহামুদ (৪৫)। পলাশ নওগাঁ মহাদেবপুরে এলজিডি অফিসে ওয়ার্ক অ্যাসিসটেন্ট ও শোয়েব বগুড়া শহরের রানা প্লাজাতে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন।  
এসআই নাসির উদ্দিন জানান, পলাশ ও শোয়েব একে অপরের বন্ধু। সম্প্রতি মহাদেবপুর থেকে পলাশের অন্যত্র পোস্টিং হয়েছে। এ জন্য তিনি শোয়েবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে পোরশা এলাকায় এলজিডি অফিসে তার আনুসাঙ্গিক কাজ মেটাতে যাচ্ছিলেন। পথে দুপচাঁচিয়া বাসট্যান্ড এলাকায় বিপরীতগামী অজ্ঞাত একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শোয়েব নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পলাশকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকেও মৃত ঘোষণা করেন।

এসআই নাসির উদ্দিন আরো জানান, ঘাতক ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এখনো কাউকে গ্রেপ্তার বা ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের লাশ দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। সুরহতলা শেষে স্বজনদের কাছে হস্তান্তর ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য