রাজধানীর কামরাঙ্গীরচরে আগুনে পুড়ে তরিকুল ইসলাম খোকন (৫৫) নামে এক খেলনা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ জুলাই) সকালে নবাবগঞ্জ সেকশন বেড়িবাঁধ ব্রিজের পাশে সর্দার বাড়ির চার তলার একটি ফ্ল্যাটে আগুন লেগে তার মৃত্যু হয়।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তরিকুল ইসলাম বাসায় একাই ভাড়া থাকতেন। সকালে তার বাসা থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখে ওই বাড়ির বাসিন্দারা গিয়ে দেখেন ভেতরে আগুন। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। পরবর্তীতে পুলিশকে খবর দিলে আমরা তাকে মৃত অবস্থায় পাই। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক বিভাগ আলামত সংগ্রহ করেছে।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা বলেন, তিনি শিশুদের খেলনা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এক রুম ভাড়া নিয়ে সেখানে থাকতেন। প্রাথমিকভাবে আগুনে তিনি মারা গেছেন বলে ধারণা করছি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তে বেরিয়ে আসবে।




.jpg)

মন্তব্য