মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে নেমে মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

  • ডেস্ক
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২০ ০১:২৮:০০
  • কপি লিঙ্ক

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে নেমে মৎস্য কর্মকর্তাসহ আহত ৫
ভোলায় মা ইলিশ রক্ষার অভিযান পরিচালনার সময় হামলায় ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা, সদরের সহকারী কমিশনারসহ (ভূমি) পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার বঙ্গেরচর এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান, পুলিশ কনস্টেবল মো. রাসেল, মৎস্য বিভাগের চুত্তিভিত্তিক মাঝি মো. বাহার ও জাকির।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজাহরুল ইসলাম জানান, রাতে সদর উপজেলার কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং পুলিশসহ একটি দল ভোলা সদর উপজেলার মেঘনায় মা ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করছিল।

রাত ২টার দিকে বঙ্গের চর এলাকায় একটি ট্রলার নিয়ে ১৫-১৬ জেলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার সময় তাদের ধরার চেষ্টা করলে জেলেরা ইটপাটকেল ও লাঠি ছোড়া নিক্ষেপ করে।

এতে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), একজন পুলিশ কনস্টেবল ও চুক্তিভিত্তিক ২ মাঝিসহ মোট ৫ জন আহত হয়েছে।

পরে আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে ভোলা মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ভোলার মেঘনা-তেঁতুলিয়াসহ বিভিন্ন নদীতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর রাত ১২টা পর্যান্ত মাছ শিকার, বাজারজাত, মজুদ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য