“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আলফাডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কামারগ্রাম থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিটিসি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ শাহিনুর ইসলাম। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান মুজিব।
বক্তারা সুষ্ঠু ও নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে বিদেশে যাওয়ার আগে ভিসা, চুক্তিপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন, গন্তব্য দেশের আইন-কানুন ও শ্রমবিধি সম্পর্কে ধারণা নেওয়ার আহ্বান জানান। এছাড়া অজানা কোনো প্যাকেট বহন না করা এবং অবৈধ কর্মকাণ্ড থেকে দূরে থাকার বিষয়ে সতর্ক করা হয়।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে বিএমইটি ও আলফাডাঙ্গা টিটিসি। এতে প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






মন্তব্য