সালথায় একাধিক মামলার আসামি খুলনার রাজীবকে আটক করেছে পুলিশ 

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • শুক্রবার, ১৩ জুন ২০২৫ ১২:০৬:০০
  • কপি লিঙ্ক

দেশজুড়ে ছড়িয়ে থাকা একাধিক অপরাধে জড়িত কুখ্যাত অপরাধী রাজীব সরদার (২৮) ও পুলিশ অ্যাসল্ট মামলার আসাসি লালন বিশ্বাসকে (৩৮) আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে পুলিশের নজর এড়িয়ে চলা রাজীবের বিরুদ্ধে রয়েছে  চুরি, অস্ত্র, মাদক, সন্ত্রাস ও ডাকাতির মতো গুরুতর অভিযোগ।

রাজীব, খুলনা জেলার খানজাহান আলী থানা এলাকার ঝাপদিপুর গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে। তবে বেশ কিছুদিন ধরে সে ফরিদপুরের সালথা থানার ফুলবাড়িয়া গ্রামে তার মামার বাড়িতে অবস্থান করছিল। 

স্থানীয়দের অভিযোগ, কোনো পেশায় জড়িত না থাকলেও রাজীব নিয়মিত জড়িয়ে পড়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। এর মধ্যে রয়েছে মাদক ব্যবসা, অস্ত্র বহন, চুরি ও ডাকাতি। তার বিরুদ্ধে খানজাহান আলীসহ দেশের বিভিন্ন থানায় রয়েছে অন্তত ১০টি মামলা।

মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দারা রাজীবকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে  আটক করে পুলিশে সোপর্দ করে।

অন্যদিকে, বুধবার সকালে আটক করা হয় যদুনন্দী এলাকার লালন বিশ্বাস (৩৮) নামের আরও এক অপরাধীকে। তার বিরুদ্ধে ৪টি পুলিশ অ্যাসল্ট মামলাসহ রয়েছে ১৫টি মামলা। 

এমন ঘটনা শুধু বিচ্ছিন্ন অপরাধ নয় বরং এটি একটি গভীর সামাজিক অপরাধ। অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে তারা সমাজে ভয়াবহ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, আটককৃত রাজীব সরদারের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতী, ছিনতাই- চুরি ও মাদক সহ খানজাহান আলী থানা সহ বিভিন্ন এলাকায় অন্তত ১০ টি মামলা রয়েছে। নিজের নাম, বাবা ও মায়ের নাম গোপন রেখে দীর্ঘদিন আত্মগোপনে ছিলো রাজীব।

মঙ্গলবার রাতে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে মামার বাড়ির  এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

অপরদিকে আজ বুধবার সকালে উপজেলার যদুনন্দী এলাকা থেকে চারটি পুলিশ অ্যাসল্ট মাসলা সহ ১৫ টি মামলার আসামী লালন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য