ফরিদপুরের ভাঙ্গায় নির্মীয়মাণ একটি সেতুর স্ট্রাকচার খালে ধসে পড়েছে। উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের বৈঠাখালি খালের ওপর নির্মীয়মাণ সেতুটি বৃহস্পতিবার (২২ জুন) সকালে ধসে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে অবহেলা ও তড়িঘড়ি করে পাটাতনের নিচে বাঁশের খুঁটি ভালোভাবে না দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, সেতুটি দীর্ঘ ছয় মাস যাবত নির্মাণ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ইমতিয়াজ আসিফ কনস্ট্রাকশন। আগামী সপ্তাহে এর ঢালাই হওয়ার কথা ছিল।
ভাঙ্গা উপজেলার এলজিইডি প্রকৌশলী মো. আকতার হোসেন বলেন, দুই কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে এলজিইডি মন্ত্রণালয়ের অধীনে ২৪ মিটার দীর্ঘ একটি সেতু বৈঠাখালি খালের ওপর নির্মাণ করা হচ্ছিল। খালের পানির বেগ বৃদ্ধি পাওয়ায় এবং ব্রিজের স্ট্রাকচারের নিচ থেকে সাটারিং সরে যাওয়ার কারণে সেতুটি ধসে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
ব্রিজের স্ট্রাকচার তৈরি হয়েছে। তবে বৃষ্টির পানিতে বাঁশের খুঁটি সরে যাওয়ায় ব্রিজের পাটাতন ভেঙে এ ঘটনা ঘটেছে।’ সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।




.jpg)

মন্তব্য