সালথায় স্ত্রীর মাথার চুলকেটে দেয়া সেই স্বামী আটক

  • আবু নাসের হুসাইন, সালথা:
  • শনিবার, ২৯ আগস্ট ২০২০ ১১:৪৮:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথায় যৌতুক না পেয়ে স্বামী কর্তৃক স্ত্রীর মাথার চুল কেটে দেওয়ার অভিযুক্ত সেই স্বামীকে আটক করেছে পুলিশ। এসময় তার শশুরকেও আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় সালথা থানা পুলিশ ফুকরা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। 

গত ২৩ আগস্ট উপজেলার ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত স্ত্রী রিশানা বেগমকে উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সময় স্ত্রীকে মারপিট করে গুরুত্বর আহতও করে স্বামী। এখনো সে নগরকান্দা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় রিশানার বাবা মোঃ রিজাউল মাতুব্বর বাদী হয়ে সালথা থানায় ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

জানা গেছে, উপজেলার ফুকরা গ্রামের মওলা মাতুব্বর এর ছেলে শাহআলম মাতুব্বরের সাথে তিন বছর পূর্বে পাশ্ববর্তী বাতাগ্রামের রিজাউল মাতুব্বরের মেয়ে রিশানা আক্তারের সামাজিক ভাবে বিবাহ হয়। বর্তমানে তাদের নয় মাসের কন্যা সন্তান রয়েছে।

রিজাউল মাতুব্বর বলেন, বিয়ের পর থেকেই মেয়ের শশুর বাড়ীর লোকজন যৌতুক দাবী করে আসছিল। মাঝে মধ্যে মেয়েকে মারপিট করতো। ঘটনার দিন আমার মেয়েকে মারপিট করে আহত করেছে এবং মাথার চুল কেটে দিয়েছে।

রিশানা বলেন, গরুর খাবার দেওয়া একটু দেরি হওয়ায় আমার শশুর, শাশুড়ী, দেবর, ননদ,স্বামী মিলে আমার হাত, পা, চোখ বেধেঁ এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে আমার মাথার চুল কেটে দেয়।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, এই ঘটনায় নির্যাতিত রিশানা বেগমের বাবা রেজাউল মাতুব্বর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত স্বামী শাহআলম ও শ্বশুর মওলা মাতুব্বরকে আটক করা হয়েছে। বাকী আসামীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য