ভাঙ্গায় আজ থেকে ১৫ দিনের লকডাউন শুরু

  • ভাঙ্গা (ফরিদপুর), প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ০৭:২৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা এলাকায় আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ১৫ দিনের লকডাউন। প্রথম দিনে পৌরসভার প্রতিটি স্থানে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে লকডাউন চলছে। উপজেলা প্রশাসনের পাশাপাশই স্থানীয়ভাবে ভাঙ্গা ছাত্রলীগের বৃহত্তর একটি অংশ স্বেচ্ছাসেবী হিসাবে করোনা সংক্রমণ রোধে মাঠে কাজ করছেন। 

এছাড়া ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল আমিন মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানসহ উপজেলা ও পরিষদের কর্মচারীরা এবং স্থানীয় পুলিশ, আনসার ব্যাটালিয়ন সদস্যরা মাঠে টহল জোরদার করেন। কঠোর নিরাপত্তার ভেদ করেই কিছু উৎসাহী জনতা ঘর থেকে বেড়িয়ে আসছে। তাদের অনেকের ভাষ্যমতে, তারা লক ডাউন কেমন দেখতে এসেছেন। কেউ আবার জানায় জরুরী কাজে ঘর থেকে বের হতে বাধ্য হয়েছেন। কেউ আবার জানায়, ঘরে কত সময় আটকে থাকতে পারি?

কঠোর নিরাপত্তার ভিতরে যারা বের হয়েছেন তাদের অনেকের কাছ থেকে একটি বিষয় উঠে এসেছে। ভাঙ্গা পৌরসভা লক ডাউন করায় ৯টি ওয়ার্ড এলাকার সকল বাজার হাঁটঘাট বন্ধ হলেও পৌরসভা এলাকার এলাকার নিকটবর্তী নিত্যদিনের বাজারে গিয়ে ভীড় জমিয়ে তুলছেন তারা। কারন হিসাবে উল্লেখ করেন উপজেলার ইউনিয়ন পর্যায়ের বাজারগুলো সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তে ঘর থেকে বের হয়ে গ্রামের বাজারে গিয়ে আড্ডা এবং বাজার করতে যাচ্ছেন অনেক করোনা সনাক্ত পরিবারের সদস্যরা। এই বিষয়টি উপজেলা প্রশাসনের নজর রাখা দরকার বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ। 

ভাঙ্গা উপজেলা প্রশাসন সুত্র জানিয়েছে, গত কয়েক দিনে ভাঙ্গা উপজেলা ও পৌরসভায় করোনায় কয়েকজনের মৃত্যু এবং পৌরসভায় পজিটিভ সংখ্যা বেড়ে যাওয়ার ফলে সাধারণ জনগণকে ঘরমুখী করার লক্ষে এবং করোনার হাত থেকে সকলের নিরাপদ অবস্থানকে প্রাধান্য রেখে ফরিদপুরের জেলা প্রশাসকের নির্দেশক্রমে ১৫ দিনের জন্য ভাঙ্গা পৌরসভায় লক ডাউনের সিদ্ধান্ত গ্রহণ করেছে ভাঙ্গা করোনা ভাইরাস সংক্রমণ রোধ কমিটি।

উপজেলা প্রশাসন আশাবাদ ব্যক্ত করে বলেন, আশাকরি লক ডাউন চলাকালীন সময় বিশেষ জরুরী ছাড়া কেউ যেন ঘর থেকে বেড় না হয় এবং নিজেদের প্রতি নিজেরা দায়িত্বশীল হয়ে থাকবেন।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান বাংলাদেশজমিনকে জানিয়েছেন, লক ডাউন চলাকালীন সম্যে শুধু মাত্র মেডিসিনের দোকান খোলা থাকবে অন্য কোন দোকান খোলা রাখা যাবে না। করোনা সংক্রমণ রোধে ভাঙ্গা পৌরসভার সকল নাগরিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি।

এদিকে ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ কর্মীরা জানিয়েছেন, লক ডাউন চলাকালীন সময়ে আগামী ২০জুন থেকে এলাকার অসহায় মানুষ যাদের খাদ্য সামগ্রী দরকার হবে আমাদের জানানলে আমরা সম্মানিত সেই পৌরবাসীর কাছে পৌঁছে দিব। এজন্য মাঠে তাদের একটি বিশেষ টিম কাজ করছে বলে জানান তারা। 

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রের সর্বশেষ তথ্য থেকে জানা গেছে, বীরমুক্তিযোদ্ধা ও আনসার কমান্ডারসহ ৯ জনের মৃত্যু এবং ২৩১জন করোনায় সনাক্ত হয়েছে। ফরিদপুর জেলা সদর থেকে শুরু হয়ে ভাঙ্গাসহ ৯টি উপজেলায় মোট করোনা সনাক্ত হয়েছে ৮৯৭জন। পুরো জেলায় মারা গেছেন ১৩ জন। করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সকল উপজেলা প্রশাসন নিবেদিত হয়ে কাজ করছে অভিমত সুধীমহলের।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য