সংযুক্ত আরব আমিরাতের পর এবার কুয়েতের একটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের আক্রমণ চালানোর দাবি করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তারা সফলভাবে আঘাত হেনেছে।
আজ রোববার (৮ মার্চ) ইরানের সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
আইআরজিসির দাবি অনুযায়ী, হামলায় ঘাঁটির ভেতরে থাকা মার্কিন হেলিকপ্টার মেরামত কেন্দ্র, বড় জ্বালানি ট্যাংক এবং গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইরানের পক্ষ থেকে এই অভিযানকে অত্যন্ত সফল বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার উপস্থিতি শনাক্ত করে এবং তা প্রতিহত করার চেষ্টা চালায়। তবে এ হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতি কতটা হয়েছে সে বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কুয়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ফারস নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার পর বিমানঘাঁটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড দেখা দেয়। সেখান থেকে এখনও ঘন কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা যাচ্ছে, যা দূর থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান।
সূত্র: সাফাক নিউজ, আল-জাজিরা






মন্তব্য