ইরানকে কঠোর হুঁশিয়ারি ভ্যান্সের, ক্ষেপণাস্ত্র ইস্যুতে অনড় রুবিও

  • ডেস্ক
  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ০২:০২:০০
  • কপি লিঙ্ক

জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত পরমাণু আলোচনা শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে তেহরানকে তীব্র হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়েছেন, গত জুনে ইরানি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর ইরান পুনরায় তাদের পরমাণু কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের কাছে অকাট্য প্রমাণ রয়েছে। 

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং তারা যদি সেই পথে হাঁটে তবে ওয়াশিংটন কূটনৈতিক পন্থার পাশাপাশি অন্যান্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতেও দ্বিধা করবে না। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বর্তমান ইরানি শাসনব্যবস্থাকে বিশ্বের অন্যতম বিপজ্জনক আখ্যা দিয়ে বলেন, তাদের হাতে পরমাণু অস্ত্র তুলে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

এদিকে আলোচনার টেবিলে কেবল পরমাণু ইস্যু নয় বরং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও অন্তর্ভুক্ত করার জোরালো দাবি তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করতে অস্বীকার করে, তবে তা আলোচনার সফলতার পথে একটি বিশাল বাধা হয়ে দাঁড়াবে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণেও ইরানকে সন্ত্রাসের মদতদাতা হিসেবে উল্লেখ করে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার আজ জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মুখোমুখি হতে যাচ্ছেন।

অন্যদিকে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের দাবিগুলোকে বড় ধরনের মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। তবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তারা শান্তি ও যুদ্ধ উভয় পরিস্থিতির জন্যই প্রস্তুত। 

তিনি অভিযোগ করেন, ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। সরাসরি আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করার আহ্বান জানিয়ে আরাঘচি বলেন, পরমাণু শক্তি অর্জন করা ইরানের অধিকার, তবে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। দুই দেশের এই বিপরীতমুখী অবস্থানের মধ্যে আজ জেনেভায় শুরু হওয়া এই আলোচনা শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য