ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, "গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।" তিনি বলেন, গ্রামের মানুষের হাসি-কান্না, আনন্দ-বেদনা নিয়েই আমাদের জীবন। তাই গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর।
সোমবার (৬ জুলাই) দুপুর ১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং তাঁর সময়ে খাদ্য উৎপাদন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে এবং বিআরডিবির চেয়ারম্যান ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এমপি বাবুল বলেন, পল্লীর উন্নয়নে পরিবারভিত্তিক কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। তিনি আত্মনির্ভরশীল জাতি গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন, ঘরে ঘরে কুটির শিল্প গড়ে তুলতে হবে এবং স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল শাখারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন শাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্ল্যা, যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাঈদ, যুবনেতা আজিজুল হক নান্নুসহ পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তরের বিপুলসংখ্যক সদস্য।
অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।






মন্তব্য