গাইবান্ধায় র‌্যাব-১৩ এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • গাইবান্ধা প্রতিনিধি:
  • রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ১২:০১:০০
  • কপি লিঙ্ক

হাড় কাঁপানো শীতে গাইবান্ধার গরিব, অসহায় ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে র‌্যাব-১৩। শনিবার (আজ) গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া চরাঞ্চলে শীতকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

র‌্যাব-১৩ গাইবান্ধা কোম্পানির কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলামের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১৩ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, পুলিশ পরিদর্শক জিয়াদ হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ। তারা শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা র‌্যাব-১৩ এর এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, চরাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষ শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্টে থাকেন। এ ধরনের উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা।

এ বিষয়ে র‌্যাব-১৩ গাইবান্ধার কোম্পানি কমান্ডার জানান, র‌্যাবের মহাপরিচালকের (ডিজি) নির্দেশনা এবং সিও মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছর শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র পেয়ে কুন্দেরপাড়া চরের শীতার্ত মানুষজন র‌্যাব-১৩ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই সহায়তা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য