সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের দুঃসময়ে আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী একজন মহিলা হয়ে দলের হাল ধরেছিলেন। তিনি সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়ে গেছেন। দলকে সুসংগঠিত করার জন্য রাজপথে নেমেছিলেন, সেই রাজপথ তিনি কখনোই ছাড়েনি। বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনো তিনি সরে দাড়াননি।
তিনি আরো বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আপনাদেরকে নিয়ে এগিয়ে গেছেন আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি শুধু এ এলাকার নেত্রী ছিলেন না, তিনি সারা বাংলাদেশের নেত্রী ছিলেন। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী তার সারাটা জীবন মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন। এই এলাকার প্রতিটি ইট, পাথরে তার নাম লেখা থাকবে। আমার মায়ের মতো আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আওয়ামী সেচ্ছাসেবক লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রিন্সিপাল এম এ হান্নান, নগরকান্দা উপজেলা আওয়ামী রীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য রফিকুল ইসলাম, উজ্জ্বল প্রসাদ কানুসহ জেলা ও উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।






মন্তব্য