চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভনে এক গৃহবধূকে (২৬) ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের মামলায় মো. করিম (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ডেরও আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক রবিউল ইসলাম দণ্ডিতের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় রায়ে মামলার অপর ৩ আসামিকে বেকসুর খালাস দেন আদালত। দণ্ডিত করিম শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া গ্রামের তাজিবুল হকের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০১৭ সালের ১৯ এপ্রিল রাতে বিয়ের প্রলোভনে নির্যাতিতা গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি আম বাগানে ধর্ষণ করেন করিম। কিন্তু এরপর তাকে বিয়ে করতে অস্বীকার করলে গৃহবধূ দু’দিন পর ২১ এপ্রিল শিবগঞ্জ থানায় ধর্ষণ ও ধর্ষণে সহযোগীতার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) গৌতম চন্দ্র মালী ২০১৭ সালের ১২ জুলাই করিমসহ ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত করিমকে একমাত্র দোষীসাব্যস্ত করে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রেজাউল করিম।




.jpg)

মন্তব্য