"অসুস্থ হৃদয়কে নিয়ে দিশেহারা বাবা-মা" এ ধরনের শিরোনামে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে দিনাজপুরের হিলি বন্দরের সিপি রোড এলাকার অসুস্থ্য হৃদয়কে আর্থিক সহযোগিতা দিয়ে তার পাশে দাঁড়ালেন বিরামপুরের বিশিষ্ট সমাজ সেবক এ্যাডভোকেট নুরুজ্জামান সরকার জামান। গতকাল শুক্রবার সন্ধ্যায় হিলিতে সাপ্তাহিক হিলিবার্তা পত্রিকার কার্যালয়ে হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, আমাদের সময় হিলি প্রতিনিধি মিজানুর রহমান মিজান সহ অন্যদের উপস্থিতিতে হাকিমপুর ফাউন্ডেশনের সদস্যদের মাধ্যমে অসুস্থ হৃদয়ের জন্য পাঁচ হাজার টাকা প্রদান করেন নুরুজ্জামান সরকার। এসময় পরবর্তীতে হৃদয়ের চিকিৎসার জন্য আবারো সহযোগিতার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, দিনাজপুরের হিলি সিপি এলাকার হিরুর মেধাবী ছেলে হৃদয় দীর্ঘদিন যাবৎ মরণ ব্যাধি প্যানক্রিয়াটাইটিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার চিকিৎসার জন্য বাবা-মা সব শেষ করেও তাকে সুস্থ করতে পারছেন না। তাকে নিয়ে বগুড়া, রাজশাহী সহ ঢাকায় চিকিৎসা করেছেন। উন্নত চিকিৎসার জন্য টাকার অভাবে ভারতে নিয়ে যেতে পারেননি। অবশেষে সিরাজগঞ্জের এনায়েতপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদয় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
হৃদয়ের মা শেফালী বেগম জানান, ছেলেকে সুস্থ্য করে তুলতে অপারেশন করতে হবে। তার অপারেশনে জন্য প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা লাগবে। কিন্তু এতোগুলো টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই তিনি হৃদয়ের চিকিৎসার জন্য দেশের হৃদয়বান ও বিত্তবান মানুষদের নিকট এবং সরকারের নিকট আর্থিক সহযোগিতার আবেদন জানান।
এ্যাডভোকেট জামান জানান, গত ২৬ সেপ্টেম্বর বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত হৃদয়কে নিয়ে সংবাদটি দেখতে পাই। সংবাদটি পড়ে এই অসহায় অসুস্থ হৃদয়কে আমার সাধ্যমত কিছু অর্থ দেওয়ার নিয়ত করি। তাই হাকিমপুর ফাউন্ডেশনের হাতে হৃদয়কে দেওয়ার জন্য ৫ হাজার টাকা তুলে দিয়েছি।






মন্তব্য