ফরিদপুরের চরভদ্রাসনে বজ্রপাতে মারা গেছেন দুই কৃষক। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গার শেষ সীমানা ও পাশের মাথাভাঙ্গা চরে এ ঘটনা ঘটে। ওই দুই কৃষকই গরু চড়াতে গিয়ে এ বজ্রপাতের শিকার হন।
মাথাভাঙ্গার শেষ মাথা নামক স্থানে মারা যান জয়নাল মোল্যা (৩৯) নামে এক কৃষক। তিনি পাশের সদরপুর উপজেলার আকটের চর ইউনিয়নের রেহাই রামনগর গ্রামের কোকারাম সরকারের কান্দি মহল্লার বাসিন্দা খালেক মোল্লার ছেলে। জয়নাল মোল্যা বিবাহিত এবং তিন মেয়ে ও এক ছেলের বাবা।
অপরদিকে একই সময় মাতাভাঙ্গার চরে নিহত হন হাশেম মোল্লা (৬১) নামে এক কৃষক। তিনি চরভদ্রাসন সদর ইউনিয়নের সবুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মৃত টেনু মোল্যার ছেলে। তিনি বিবাহিত এবং চার মেয়ের বাবা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ওই দুই পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার করে ৪০ হাজার টাকা তুলে দিয়েছেন।
বাংলাদেশ জমিন/ এনএম






মন্তব্য