গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মিঠু মন্ডল (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত মিঠু মণ্ডল ওই গ্রামের বাকি মণ্ডলের ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের আহত হন অন্তত সাতজন।
পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করা হয়।
পলাশবাড়ী থানার ওসি তদন্ত মতিউর রহমান জানান, জমি নিয়ে বাকী মণ্ডলের সঙ্গে একই গ্রামের আরিফুল গংদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার সকালে দুপক্ষের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়।
এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ ৩ জন আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ হতে থানায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।






মন্তব্য