ইসলামী ফ্রন্ট নেতা ও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারো পিছিয়েছে। আগামী ২২ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
আজ রবিবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত নতুন এ দিন ধার্য করেন। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৪৮ বার পেছাল।
এদিন মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম স্কোয়াডের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রাজীব ফরহান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৭ আগস্ট রাতে রাজধানীর ১৭৪, পূর্ব রাজাবাজারের নিজ বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই সময় বাসার দোতালায় তাঁর স্ত্রী ও স্বজনদের আটকে রেখে হত্যার পর পালিয়ে যায় অজ্ঞাত কয়েকজন খুনি। এসময় বাসা থেকে সাড়ে তিন লাখ টাকা ও ছয় লাখ ৩০ হাজার টাকার গয়না ও ইলেকট্রনিক সামগ্রী নিয়ে যায় দুর্বৃত্তরা।
হত্যাকাণ্ডের পরের দিন ফারুকীর ছোট ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করে শেরেবাংলানগর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা করেন।






মন্তব্য