অনার্স ও ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণে প্রাণবন্ত হয়ে উঠল সদরপুর সরকারি কলেজ


ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে ২০২৪২৫ শিক্ষাবর্ষের অনার্স ও ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে কলেজের একাডেমিক ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আগমনে ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক। তিনি বলেন, শিক্ষাজীবনের প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ। সৎ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক গুণাবলিতে গড়ে ওঠে একজন যোগ্য নাগরিক। নবীনদের উদ্দেশ্যে তিনি সততা, অধ্যবসায় ও নৈতিকতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

আয়োজনের সভাপতিত্ব করেন নবীনবরণ কমিটির আহ্বায়ক মো. হেলাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, নিয়মিত পাঠচর্চা এবং শিক্ষকদের প্রতি সম্মান বজায় রাখার পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ ও উপজেলা শাখার নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। তাঁরা শিক্ষা ও আদর্শকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান নবীনদের।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করা হয়, যা নবীনবরণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।


Copyright (c) 2019-2026 bzamin24.com