‘গোল্ডেন ডাক’এ সৌম্যের বিশ্ব রেকর্ড


শ্রীলঙ্কার বিপক্ষে আজ শূন্য রানে আউট হয়েছেন সৌম্য সরকার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ নিয়ে ১৩ বার শূন্য রানে আউট হলেন সৌম্য সরকার। এর আগে এই রেকর্ড আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিংয়ের দখলে ছিল। সেই রেকর্ডে আজ ভাগ বসালেন সৌম্য।আজ ডালাসে ধনাঞ্জয়া ডি সিলভার বলে ইনিংসের মাত্র তৃতীয় বলেই মিড অনে ক্যাচ শিখিয়ে আউট হন সৌম্য। তখন তাঁর মুখের দিকে তাকানো যাচ্ছিল না। যেন রাজ্যের আঁধার ভর করেছে। বোঝাই যাচ্ছিল, শটটি অনিয়ন্ত্রিত ছিল এবং ভুল করে সেটাই খেলে ফেলায় সৌম্য সম্ভবত নিজেকেই শাপশাপান্ত করছিলেন। কিন্তু কথায় আছে, কারও পৌষমাস কারও সর্বনাশ! সৌম্যর ওই আউটের পরই স্টার্লিংয়ের মুখের হাসি সম্ভবত চওড়া হয়েছে।

আন্তর্জাতিক টিটোয়েন্টিতে এটা যে সৌম্যর ১৩তম ডাক। অর্থাৎ সর্বোচ্চ সংখ্যকবার ০ রানে আউট হওয়ার বিশ্ব রেকর্ডের জন্য এখন শুধু একাই স্টার্লিংকে রঙ্গরসিকতার শিকার হতে হবে না। ভাগটা নিতে হবে সৌম্যকেও।

আন্তর্জাতিক টিটোয়েন্টিতে ৮৪ ম্যাচে ৮৩ ইনিংসে ১৭.৬৯ গড়ে ১৩৯৮ রান করার পথে ১৩ বার ০ রানে আউট হয়েছেন সৌম্য। স্টার্লিং ১৪৪ ম্যাচে ১৪৩ ইনিংসে ২৭.২৭ গড়ে ৩৬০০ রান করার পথে ০ রানে আউট হয়েছেন ১৩ বার। আনলাকি থার্টিনএর এই ক্লাবে সদস্য শুধু তাঁরা দুজনেই। আনলাকি টুয়েলভঅর্থাৎ ১২ বার ০ রানে আউট হয়েছেন চারজন।

এর মধ্যে দুজন প্রায় অচেনা, একজন বেশ পরিচিত এবং অন্যজন বলতে গেলে কিংবদন্তি! রুয়ান্ডার ২৪ বছর বয়সী স্পিনার কেভিন ইরাকোজের নাম আপনি নাও শুনতে পারেন। তবে ২০২১ থেকে ২০২৩এই অল্প সময়ের মধ্যে ৭২ ম্যাচে ৫৫ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১২ বার ০ রানে আউট হয়ে কারও কারও চোখে বিস্ময়ের জন্ম দিতে পারেন ইরাকোজে।

আয়ারল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন ওব্রায়েন ১১০ ম্যাচে ১০৩ ইনিংসে ১২ বার ০ রানে আউট হয়েছেন। ঘানার ড্যানিয়েল অ্যানেফি এই আনলাকি টুয়েলভ ক্লাবের মধ্যে দ্রুততম। ২০১৯ থেকে ২০২৩ এর মধ্যে মাত্র ৩৬ ম্যাচে ২৮ ইনিংসে ১২ বার ০ রানে আউট হয়েছেন এই অলরাউন্ডার। শেষের জনের নাম রোহিত শর্মা। ১৫২ ম্যাচে ১৪৪ ইনিংসে ১২ বার ০ রানে আউট হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত।


Copyright (c) 2019-2026 bzamin24.com