‘সান্ত্বনার জয়ে’ টি-টোয়েন্টি জয়ের স্বপ্ন বুনছেন লিটন


আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। সান্ত্বনার সেই জয়ে এড়িয়েছে হোওয়াইটওয়াশও। একই সঙ্গে রেহাই পেয়েছে র্যাঙ্কিংয়ের অবনমন থেকেও।

এক ম্যাচেই এতো সব অর্জন। আর সে কারণেই হয়তো আফগানদের বিপক্ষের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে বেশ আশাবাদী ওয়ানডে দলপতি লিটন দাস। শেষ ওয়ানডের এই জয় টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হারানোতে সহায়তা করবে বলে মনে করছেন টাইগার এই অধিনায়ক।

ম্যাচ পরবর্তী সংবাদসম্মেলনে লিটন বলেন, পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে এই জয় আমাদের সহায়তা করবে।

যদিও পরিসংখ্যান বলছে শর্টার ফরম্যাটের ক্রিকেটে লিটনের সেই স্বপ্ন পূরণ হওয়া বেশ কঠিন। হেড টু হেড পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে ঢেড় এগিয়ে আফগানরা। দুই দলের এখন পর্যন্ত ৯ দেখায় ছয়বারই শেষ হাসিটা হেসেছে আফগানিস্তান। বিপরীতে বাংলাদেশের অর্জন কেবল তিন জয়।

শেষ পাঁচবারের দেখাতেও তিনবার জয় পেয়েছে আফগানিস্তান। দুই ম্যাচে জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের।

যদিও শেষ ১০ ম্যাচের পরিসংখ্যান বলছে স্বপ্ন পূরণের আশা করতেই পারেন লিটন। শেষ ১০ ম্যাচে বাংলাদেশ জিতেছে ছয় ম্যাচে। অপরদিকে আফগানরা জয় চার ম্যাচে।

আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি মাঠে গড়াবে ১৪ ও ১৬ জুলাই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।


Copyright (c) 2019-2026 bzamin24.com