ঢাবি শিক্ষিকা মোনামির নাচের ভিডিও ভাইরাল, তোলপাড়


ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামির নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

তবে নিজের নাচ নিয়ে কোনো ধরনের লজ্জা, অনুশোচনা বা বিব্রতবোধ নেই বলে জানিয়েছেন এই শিক্ষিকা। বরং সুযোগ পেলে ভবিষ্যতেও ভাইয়ের বিশেষ দিনে একইভাবে আনন্দ প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান মোনামি।

স্ট্যাটাসে তিনি বলেন, দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়ালে পড়ে গিয়ে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তাঁর নাচের ভিডিও আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

ভিডিওটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরেও ছড়িয়ে পড়েছে, সে বিষয়েও নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। মোনামি জানান, প্রথমে তাঁর এক বন্ধু ভিডিওটি ফেসবুকে শুধু বন্ধুদের দেখার জন্য শেয়ার করেছিলেন। পরে তিনিও নিজের অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। তাঁর ধারণা ছিল, ভিডিওটি কেবল বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু পরবর্তী সময়ে সেটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

ভিডিওটি সংবাদমাধ্যমে সরবরাহের পেছনে আর্থিক উদ্দেশ্য থাকতে পারে বলেও মনে করেন এই শিক্ষিকা। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির উদ্দেশে তিনি বলেন, আল্লাহ যেন তাঁকে উপার্জনের আরও সম্মানজনক ও হালাল পথ দেখান।

নিজের নাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনা এবং শারীরিক গঠন নিয়ে বিভিন্ন মন্তব্যেরও জবাব দিয়েছেন মোনামি। তাঁর বক্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত আনন্দের মুহূর্তে নাচ করাকে তিনি কোনোভাবেই লজ্জার বিষয় বলে মনে করেন না।


Copyright (c) 2019-2026 bzamin24.com