মরুভূমিতে মিলল ডজন ডজন মমি


মিসর সরকার ঘোষণা করেছে যে সে দেশের প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি কয়েক ডজন নতুন মমির সন্ধান পেয়েছেন। সেই সঙ্গে খুঁজে পেয়েছেন ৫৯টি সারকোফ্যাগাস। সরকার জানিয়েছে, চলতি বছর তাদের দেশে এটাই সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার।

মিসর থেকে বিবিসির সংবাদদাতা ইউসেফ তাহা জানান, রাজধানী কায়রোর দক্ষিণে সাক্কারার প্রাচীন সমাধিভূমিতে সম্প্রতি খনন কার্যক্রম চালানো হয়। ওই সময় সেখানে এসব মমি খুঁজে পাওয়া যায়।

গত শনিবার সংবাদ সম্মেলনে মমি পাওয়ার ঘটনার বিস্তারিত তুলে ধরেন মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রী খালিদ আল-আনানি। আন্তর্জাতিক ওই সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। সেখানে মন্ত্রী আল-আনানি একটি সারকোফ্যাগাস খুলে সবাইকে দেখান।

সারকোফ্যাগাস হলো এক ধরনের কফিন, যার ভেতরে মমি রাখা হয়। তিনি জানান, প্রাচীন মিসরের বিস্ময় এখনো ফুরিয়ে যায়নি। কারণ হিসেবে তিনি বলেন, গত শুক্রবার রাতেই তাঁরা ২৭টি সারকোফ্যাগাস আবিষ্কার করেছেন। এগুলোর গঠন দুই হাজার ৬০০ বছর পরও মজবুত রয়েছে। সূত্র : বিবিসি।


Copyright (c) 2019-2026 bzamin24.com