কেভিন কার্টারের হৃদয়বিদারক ছবি ও রাজসিক অপচয়


বিশ্বনন্দিত চিত্র সাংবাদিক কেভিন কার্টারের তোলা হৃদয়বিদারক একটি ছবি আমার জীবন বদলে দিয়েছিল। ১৯৯৪ সালে এই ছবির জন্য কেভিন কার্টার পুলিৎজার পুরস্কার পান। ছবিটি প্রথম প্রকাশিত হওয়ার পর সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছিল। ১৯৯৪ সালে সুদানে দুর্ভিক্ষপীড়িত এক খুদে মৃতপ্রায় শিশু এক কিলোমিটার দূরে জাতিসংঘের খাদ্য বিতরণ কেন্দ্রের দিকে গুটিসুটি মেরে এগোতে চেষ্টা করছে; কিন্তু পারছে না। হামাগুড়ি দিয়ে সামান্য এগিয়েই মাটিতে মাথা রেখে আবার দম নেওয়ার জন্য থেমে যাচ্ছে। পেছনে সামান্য দূরত্বে একটি শকুন তীক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছে শিশুটির দিকে। শকুনটির অপেক্ষা—শিশুটি মারা গেলে তাকে সে খাবে। দৃশ্যটি সহ্য করতে না পেরে কেভিন কার্টার ছবিটি তুলে স্থান ত্যাগ করে চলে যান। পরে শিশুটির ভাগ্যে কী ঘটেছিল, তা জানা যায়নি। তবে এটি জানা যায়, তিন মাস পর প্রচণ্ড মানসিক বিষণ্নতার কারণে কেভিন কার্টার আত্মহত্যা করেন।

আজ আরো একটি মর্মান্তিক ও হৃদয়বিদারক ছবির কথা মনে পড়ছে। জরাজীর্ণ একটি জামা পরা অযত্ন-অবহেলায় গড়ে ওঠা একটি নিরীহ অসহায় অবোধ শিশু রাস্তা থেকে খাবার নামের পরিত্যক্ত বর্জ্য কুড়িয়ে খাচ্ছে। কেউ হয়তো খাওয়ার পর কিছু অংশ বর্জ্য হিসেবে রাস্তায় ছুড়ে ফেলে গেছে। ক্ষুধা নিবারণের জন্য অসহায় শিশুটি তা-ই নীরবে খেয়ে চলেছে। এই ছুড়ে ফেলা বর্জ্যই তার জন্য বেঁচে থাকার অবলম্বন। কারণ সে বঞ্চিত, সে লাঞ্ছিত, ক্ষুধায় তার দিন কাটে। পেলে খায়—হোক তা ঝুটা বা বর্জ্য, না পেলে উপোস করে। তার চেহারা ও অবস্থা দেখে মনে হয়, এই সমৃদ্ধ ও সভ্য সমাজের বাসিন্দা হওয়ার পরও তার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। প্রিয় পাঠক, বিশ্বের অন্যান্য দরিদ্র দেশের মতো এ ধরনের দৃশ্য আমাদের দেশেও হরহামেশা চোখে পড়ে। রাস্তা বা ডাস্টবিন থেকে ঝুটা-বর্জ্য খাচ্ছে এই শিশুর মতো আরো অসংখ্য শিশু। আমরা এসব দেখি; কিন্তু খুব একটা গুরুত্ব দিই না। আমরা নিয়তির ওপর প্রচণ্ড বিশ্বাসী বলে এসব মর্মান্তিক দৃশ্য বা ঘটনাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মেনে নিই। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। কেন এত অল্প বয়সের একটি অবুঝ শিশু রাস্তা বা ডাস্টবিন থেকে খাবার নামের আবর্জনা বা বর্জ্য কুড়িয়ে খাবে? এই বয়সী একটি শিশুর থাকার কথা তার মা-বাবার কোলে। মা-বাবার আদর-যত্ন, প্রেম-প্রীতি-ভালোবাসায় তার কচি মনটি ভরে ওঠার কথা। সেজেগুজে টিফিন বক্স ব্যাগে পুরে স্কুলে যাওয়ার কথা। তার বাড়ন্ত শরীরের প্রয়োজনে নামিদামি পুষ্টিকর খাবার খাওয়ার কথা। এরা এসব সুযোগ-সুবিধা, আদর-যত্ন থেকে সম্পূর্ণ বঞ্চিত। এরা খেয়ে না খেয়ে, ক্ষুধার জ---ালায় পরিত্যক্ত ঝুটাঝাটি খেয়ে হয়তো কোনো রকমে বেঁচে যাচ্ছে, না হয় নীরবে-নিবৃত্তে মরে যাচ্ছে। ছবিতে শিশুটির যে অসহায়ত্বের ভাব ফুটে উঠেছে এবং সে যা খাচ্ছে, তা স্বাভাবিক কোনো ঘটনা নয়। এ নিয়তির খেলাও নয়। এ অন্যায়, এ প্রবঞ্চনা। আমরা সমাজের শিক্ষিত, সভ্য ও ধনবান মানুষ। আমরা এদের ঠকাচ্ছি, এদের অধিকার থেকে বঞ্চিত করছি।

প্রতিবছর এক কোটি ৫০ লাখ শিশু মারা যায় ক্ষুধার্ত অবস্থায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ ক্ষুধার্ত। প্রতি ৩.৬ সেকেন্ডে কোনো একজন মারা যায় ক্ষুধার তাড়নায়। আমাদের উপমহাদেশ ও আফ্রিকায় বিশ্বের দুই-তৃতীয়াংশ ক্ষুধার্ত মানুষের বসবাস। নব্বইয়ের দশকে ১০ কোটির বেশি শিশু ক্ষুধার কারণে মৃত্যুবরণ করেছিল। এই লেখা পড়তে পড়তেই কম করে হলেও ২০০ মানুষ ক্ষুধায় মারা যাবে এবং বছরান্তে এই সংখ্যা দাঁড়াবে ৪০ লাখে। পৃথিবীর প্রায় ১০০ কোটি মানুষ অপুষ্টিতে ভোগে। বিশ্বব্যাংকের এক পরিসংখ্যানে বলা হয়েছে, অপুষ্টিতে আক্রান্ত এসব মানুষের ৮০ শতাংশ শিশু ও মহিলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোর প্রায় ৫০ কোটি শিশু অপুষ্টিতে আক্রান্ত। প্রতিবছর পাঁচ বছরের কম বয়স্ক প্রায় ৮৫ লাখ শিশু নামমাত্র বেঁচে থাকলেও উপবাসের কারণে এরা কোনো না কোনো সময় মৃত্যুবরণের জন্য দিন গোনে।

ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রগ্রাম (UNEP) ও ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট কর্তৃক প্রণীত এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার জরিপ মোতাবেক বিশ্বে প্রতিবছর উৎপাদিত ১.৩ বিলিয়ন টন খাবার অপচয় হয় বা নষ্ট করে ফেলা হয়। এই অব্যবহৃত বা অপচয়কৃত খাবারের ৪৫ শতাংশ হলো শাকসবজি ও ফলমূল, ৩৫ শতাংশ মাছ ও সামুদ্রিক খাবার, ৩০ শতাংশ খাদ্যশস্য, ২০ শতাংশ দুগ্ধজাত খাবার এবং ২০ শতাংশ মাংস। এই অপচয়ের মূল কারণ লুকিয়ে আছে খাদ্য উৎপাদনে বা খাদ্যের ব্যবহার পদ্ধতিতে। টাকার অঙ্কে এই অপচয়ের পরিমাণ প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার (এক হাজার বিলিয়ন ডলার)। ক্যালরির হিসাবে প্রতি চার ক্যালরির এক ক্যালরির সমপরিমাণ খাদ্য অপচয় হয়। আমরা এমন এক বিশ্বে বসবাস করছি, যেখানে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে ক্ষুধা ও অপুষ্টি এক চিরন্তন সত্য; খরা, যুদ্ধ-বিগ্রহের কারণে মাইগ্রেশন বা অভিবাসন, খাদ্যসামগ্রীর ঊর্ধ্বমূল্য, সামাজিক অস্থিরতা, বঞ্চনা, বৈষম্যমূলক বণ্টন ব্যবস্থার কারণে বিশ্বের কোটি কোটি মানুষ অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে এবং মৃত্যুবরণ করছে। সেই নেতিবাচক পরিস্থিতিতে বিশ্বব্যাপী খাদ্যের এই অসহনীয় অপচয় মর্মান্তিক ও দুর্ভাগ্যজনকই শুধু নয়, নৈতিক, অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকেও এক জঘন্য মানবিক অপরাধ।

প্রতিবছর শুধু কয়েকটি শিল্পোন্নত দেশে যে পরিমাণ খাদ্যের অপচয় হয়, তা সাব সাহারা অঞ্চলে উৎপাদিত মোট খাদ্যের প্রায় সমান, অঙ্কের হিসাবে যা ২৩০ মিলিয়ন টন। যুক্তরাষ্ট্রে ৩০ থেকে ৪০ শতাংশ খাদ্যের অপচয় হয়, যা গড়ে প্রতি মাসে প্রতিজনের ২০ পাউন্ড খাবারের সমান। আমেরিকানরা প্রতিবছর ১৬৫ বিলিয়ন ডলার মূল্যের খাবার ফেলে দেয় বা ধ্বংস করে। আপনারা শুনে আশ্চর্য হবেন, যুক্তরাজ্যে প্রায় ৪০ শতাংশ ফলমূল ও শাকসবজি বাজারে না পাঠিয়ে ক্ষেতেই ফেলে রাখা হয় বা নষ্ট করে ফেলা হয়। দেখতে নিখুঁত, আকর্ষণীয় ও কসমেটিক মানের না হওয়ার কারণে ক্রেতারা এসব শাকসবজি ও ফলমূল কিনতে চায় না বা কেনে না বলে কৃষকরা এসব ফলমূল ও শাকসবজি জমিন থেকে তোলে না বা জমিনেই নষ্ট করে ফেলে। যুক্তরাজ্যে ২০০৯ সালে যে পরিমাণ শস্য ও রুটি ফেলে দেওয়া হয়েছে বা অপচয় করা হয়েছে, তা দিয়ে বিশ্বের তিন কোটি মানুষের অপুষ্টি দূর করা যেত। বিশ্বে প্রতিদিন প্রতিজনের জন্য চার হাজার ৬০০ কিলোক্যালরির সমপরিমাণ ফসল ফলানো হয়। কিন্তু গড়ে তার অর্ধেকেরও কম ব্যবহৃত হয় বা খাওয়া হয়, বাকি অংশ অপচয় হয় বা নষ্ট হয়। উত্তর আটলান্টিক ও উত্তর সাগরে ২.৩ মিলিয়ন (২৩ লাখ) টন ধৃত মাছ ফেলে দেওয়া হয় বা নষ্ট করে ফেলা হয়। ইউরোপে যত মাছ ধরা হয় তার ৪০ থেকে ৬০ শতাংশ ফেলে দেওয়া হয় এই কারণে যে সেগুলো সঠিক আকার-আকৃতির হয় না, ভিন্ন প্রজাতির হয়, নতুবা কোনো না কোনোভাবে ত্রুটিযুক্ত হয়, যা বাজারে পাঠানো বা খাওয়ার মানসম্মত হয় না। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসাব মোতাবেক, বিশ্বে যে পরিমাণ খাবারের অপচয় হয়, তা দিয়ে ৩০০ কোটি অভুক্ত মানুষের খাবারের সংস্থান করার পরও উদ্বৃত্ত খাবার দিয়ে বিশ্বের দরিদ্র দেশের মানুষের ১৩০ শতাংশ পুষ্টিচাহিদা পূরণ করা যায়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অন্য এক হিসাব মতে, বিশ্বের উৎপাদনশীল জমিতে প্রতিবছর যে পরিমাণ খাবার পরিত্যক্ত হয় বা নষ্ট করা হয়, তাতে ৩.৩ বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয়, নষ্ট হয় ১.৩ বিলিয়ন হেক্টর জমি, যা বিশ্বের ফসল উৎপাদনযোগ্য জমির পরিমাণের প্রায় ২৮ শতাংশ। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের এক হিসাবে বলা হয়েছে, বিশ্বে উৎপন্ন মোট গ্রিনহাউস গ্যাসের ১০ শতাংশ উৎপন্ন হয় এমন সব খাবারের উৎপাদন, সরবরাহ ও সংরক্ষণের জন্য, যা আদৌ খাওয়া হয় না।

২০৫০ সাল নাগাদ বিশ্বের মোট লোকসংখ্যা দাঁড়াবে প্রায় ৯.৬ বিলিয়ন অর্থাৎ ৯৬০ কোটি। এর মধ্যে বেশির ভাগ মানুষ আসবে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো থেকে এবং অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর ক্রমবর্ধমান লোকসংখ্যার অর্ধেক আসবে শুধু আফ্রিকা থেকে। জনসংখ্যা বিশেষজ্ঞরা ভেবে কূল পাচ্ছেন না, এসব মানুষের খাবারের সংস্থান হবে কিভাবে! জাতিসংঘের মতে, এই সমস্যা সমাধানের জন্য বাড়তি খাদ্য উৎপাদনের দরকার হবে না। বিশ্বব্যাপী খাবারের যে অপচয় হয়, তা রোধ করা গেলে এবং সুষম বণ্টনের ব্যবস্থা করা গেলে বিশ্বের কাউকেই না খেয়ে থাকতে হবে না।

আগেই বলেছি, খাবারের অসহনীয় অপচয়ের বেশির ভাগ হয়ে থাকে উন্নত বিশ্বে। ইউরোপ ও উত্তর আমেরিকায় প্রত্যেক মানুষ প্রতিবছর ৯৫ থেকে ১১৫ কিলোগ্রাম খাবার অপচয় করে। সাব সাহারা, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতিবছর প্রতিজনের এই অপচয়ের পরিমাণ ছয় থেকে ১১ কিলোগ্রাম। অনুন্নত দেশগুলোতে ভুল ও ত্রুটিপূর্ণ উৎপাদনপদ্ধতি, অবকাঠামোগত অব্যবস্থা, সেকেলে যন্ত্রপাতির ব্যবহার, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার অব্যবস্থাপনার জন্য খাবারের অনেক অপচয় হয়। অনুন্নত দেশগুলোর বেশির ভাগ মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটালেও সম্পদশালী সম্প্রদায়ের খাবার অপচয় উন্নত দেশের মানুষের চেয়ে নেহাত কম নয়।

বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হতে চলেছে বলে দাবি করা হয়। তার পরও দেশের লাখো মানুষ প্রতিনিয়তই অনাহারে-অর্ধাহারে কাটায়। বাংলাদেশে খাবারের অপচয় নেহাত কম নয়। বিভিন্ন পার্টি, সামাজিক অনুষ্ঠান ও বিয়েশাদি, হোটেল-রেস্তোরাঁ, ধনবানদের হাজার হাজার লোকের মেজবান খাওয়ানোর আয়োজনে গেলে অপচয়ের মাত্রা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। দৈনন্দিন জীবনে আমরা অনেক অপচয় করি, সকালের নাশতা, দুপুরে বা রাতের খাবার টেবিলে আমরা কত খাবার নষ্ট করি। বিয়েশাদি, সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে খাবারদাবারে যে হারে অপচয় হয়, তা নিয়ে আমাদের গভীরভাবে ভাবা উচিত। ওপরের ঘটনাগুলো স্মরণ করলে বা দেখলে সবার উপলব্ধি হওয়ার কথা, ক্ষুধা কী জিনিস। এক শ্রেণির মানুষ সম্পদের পাহাড় গড়ে তুলছে, লাখো কোটি টাকা ও খাবারদাবারের রাজসিক অপচয়ের মাধ্যমে আরাম-আয়েশ ও বিলাসিতায় দিন কাটাচ্ছে। আর একই সমাজব্যবস্থায় ক্ষুধার জ---ালা সইতে না পেরে কণিকা-দীপালিরা আত্মহত্যা করছে—এ কোন সমাজ? আমরা যে হারে খাবারদাবার অপচয় করি, তাতে হাজার হাজার জীবন রক্ষা পেতে পারে। আল্লাহ যেন আমাদের এসব বোঝার শক্তি ও ক্ষমতা প্রদান করেন। আমরা সবাই যেন ভাবি, খাবার ভালো হোক বা মনঃপূত না হোক, আমরা কোনো অবস্থায়ই খাবার অপচয় করব না। কণিকা-দীপালিদের ক্ষুধার যন্ত্রণা ও আত্মহত্যা যেন আমাদের চেতনাকে উজ্জীবিত করে, আমাদের মানবতাবোধকে জাগিয়ে তোলে। প্রিয় পাঠক, আমরা প্রত্যেকে যদি নিজের অন্ধ স্বার্থ ভুলে গিয়ে পারস্পরিক সম্প্রীতি, প্রেম-প্রীতি-ভালোবাসা দিয়ে নিজেকে গড়ে তুলি, প্রয়োজনে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে কণিকা, দীপালি বা সুদানের ক্ষুধাপীড়িত শিশুটির এই মর্মান্তিক ঘটনা হয়তো আমাদের আর দেখতে বা পড়তে হবে না। আমরা খেতে বসলে বেশির ভাগ খাবারই ঝুটা হিসেবে বর্জন করে উঠে যাই। এই ঝুটা-বর্জ্যের জন্য হয়তো অপেক্ষা করে থাকে অনাহারে-অর্ধাহারে থাকা অসংখ্য অসহায় বঞ্চিত ছোট ছেলে-মেয়ে ও মানুষ। এসব ঝুটা খাবার ডাস্টবিনে ফেলা হলে তার জন্য এসব ক্ষুধার্ত ছেলে-মেয়ের মধ্যে কাড়াকাড়ি, মারামারি হতে আমি স্বচক্ষে দেখেছি। এসব করুণ দৃশ্য আমাদের নজর কাড়ে বটে, কিন্তু বিবেককে নাড়া দেয় না।

অপচয় রোধের কোনো ম্যাজিক ফর্মুলা নেই। আমার দৃষ্টিতে এটি সম্পূর্ণ সহমর্মিতা ও উপলব্ধির ব্যাপার। হয়তো তা ব্যক্তিগত নতুবা সমষ্টিগত। তবে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা অপচয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানবিক গুণাবলির অধিকারী কোনো মানুষের পক্ষে অনিয়ন্ত্রিত ও বেপরোয়া জীবনযাপন সম্ভবপর নয়। বিবেকের তাড়নায় সে মানুষ সব রকম অপচয় রোধে সদা সজাগ থাকবে। যেকোনো ধরনের অপচয় বা অপব্যবহার শুধু অনৈতিক নয়, অমার্জনীয় অপরাধও বটে। অপচয়ের সঙ্গে এক ধরনের স্বার্থপরতা ও ব্যক্তিকেন্দ্রিকতা জড়িত আছে। ইসলামের দৃষ্টিতে অপচয় বড় ধরনের গুনাহর কাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সুরা বনি ইসরাঈলের ২৬ ও ২৭ নম্বর আয়াতে বলেন, ‘আত্মীয়স্বজনকে তার হক দান করো এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। এবং কিছুতেই অপচয় কোরো না। নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ।’ দুর্ভাগ্য আমাদের, আমরা আল্লাহর কালাম পড়ি; কিন্তু তা পালন করি না। এ যে কত বড় পাপ, তা যদি আমরা বুঝতাম!

লেখক : অধ্যাপক, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়

drmuniruddin@gmail.com

সূত্র: কালের কন্ঠ


Copyright (c) 2019-2026 bzamin24.com