সৌদি প্রবাসীদের জন্য সরকারের ১৫ দফা জরুরি নির্দেশনা, অমান্য করলে বিপদ


সৌদি আরবে কর্মরত প্রায় ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসীর জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে সরকার। দেশটিতে বসবাস, চাকরি, অর্থ লেনদেন, চলাফেরা, সামাজিক আচরণ এবং অনলাইন ব্যবহারের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সোমবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় সৌদি প্রবাসীদের এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সৌদি আরবে বৈধভাবে অবস্থান, কর্মসংস্থান ও নিরাপদ জীবনযাপনের জন্য দেশটির আইন-কানুন ও সামাজিক রীতিনীতি মেনে চলা অত্যন্ত জরুরি। একই সঙ্গে প্রতারণা, অবৈধ লেনদেন, অনুমতিহীন কাজ এবং আইনবিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে।

বিদেশ যাওয়ার আগে সতর্কতা

সৌদি আরবে যাওয়ার আগে ভিসা, নিয়োগকর্তা ও নিয়োগচুক্তি ভালোভাবে যাচাই করতে হবে। বিএমইটি ছাড়পত্র, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে। দালালের মৌখিক আশ্বাসে টাকা দেওয়া যাবে না এবং ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া যাবে না। পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজের হেফাজতে রাখতে হবে।

ইকামা ও চাকরির কাগজপত্র

ইকামা সঙ্গে রাখা এবং Absher অ্যাপের মাধ্যমে এর মেয়াদ নিয়মিত যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। QIWA প্ল্যাটফর্মে নিয়োগচুক্তি ও ওয়ার্ক পারমিটের তথ্য যাচাই করতে হবে। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগে নবায়নের উদ্যোগ নিতে হবে। না বুঝে কোনো কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়া যাবে না। OTP ও পাসওয়ার্ড অন্য কাউকে দেওয়া থেকেও বিরত থাকতে হবে।

বেতন, চাকরি ও শ্রমিক অধিকার

নিয়োগচুক্তির কপি এবং কাজের প্রমাণ সংরক্ষণ করতে হবে। বেতন ব্যাংকিং চ্যানেলে গ্রহণ করে লেনদেনের স্টেটমেন্ট রাখতে হবে। বেতন বা চাকরিসংক্রান্ত সমস্যা হলে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের হটলাইন ১৯৯১১ অথবা বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

নিজ নিয়োগকর্তার বাইরে অনুমতি ছাড়া কাজ করা, কর্মস্থল থেকে পালিয়ে যাওয়া কিংবা কর্মবিরতি ও ধর্মঘটে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে QIWA প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

সামাজিক আচরণ ও সৌদি সংস্কৃতি

সৌদি আরবে চলাফেরার ক্ষেত্রে শালীন পোশাক ও ভদ্র আচরণ বজায় রাখতে হবে। প্রকাশ্যে ঝগড়া, গালাগালি, মারামারি, থুতু বা ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। জাতি, দেশ ও গায়ের রং নিয়ে কাউকে কটূক্তি করা যাবে না।

ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ে সংবেদনশীল থাকার পাশাপাশি ধর্ম, রাজপরিবার বা সরকার নিয়ে আপত্তিকর মন্তব্য ও পোস্ট না করার পরামর্শ দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া মিছিল, সমাবেশ বা ধর্মঘটে অংশ নেওয়া থেকেও বিরত থাকতে হবে।

নারী ও শিশুদের বিষয়ে বিশেষ সতর্কতা

অপরিচিত নারী ও শিশুদের সঙ্গে আচরণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। শিশুদের অনুমতি ছাড়া স্পর্শ করা, কোলে নেওয়া বা খাবার দেওয়া যাবে না। নারীদের পিছু নেওয়া, বিরক্ত করা, অনুমতি ছাড়া ছবি তোলা কিংবা ফোন নম্বর চাওয়া থেকে বিরত থাকতে হবে। অপরিচিত বা প্রতিবেশীর বাড়িতে প্রবেশের আগে অনুমতি নিতে হবে।

ছবি, ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যম

কোনো সংবাদ বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে সত্যতা যাচাই করতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড ও দুই স্তরের নিরাপত্তা ব্যবহার করতে হবে। অনুমতি ছাড়া নারী, শিশু বা পরিবারের সদস্যদের ছবি তোলা যাবে না।

বিশেষভাবে ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিরোধব্যবস্থা, আঘাতস্থল কিংবা নিরাপত্তাসংবেদনশীল স্থানের ছবি ও ভিডিও ধারণ, সংরক্ষণ এবং শেয়ার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। গুজব, অশ্লীল ভিডিও ও আপত্তিকর মিম ছড়ানো থেকেও বিরত থাকতে হবে।

অর্থ লেনদেন ও সঞ্চয়

দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে শুধু অনুমোদিত ব্যাংক ও এক্সচেঞ্জ হাউস ব্যবহার করতে হবে। হুন্ডিতে টাকা পাঠানো যাবে না। নিয়মিত সঞ্চয়, ঋণ ও বিল পরিশোধের পাশাপাশি নিজের সিম, ব্যাংক কার্ড বা অ্যাকাউন্ট অন্যের ব্যবহারের জন্য দেওয়া যাবে না। অন্যের ঋণের জামিনদার হওয়া এবং অন্যের নামে ব্যবসা করার বিষয়েও সতর্ক করা হয়েছে।

যানবাহন ও সড়ক নিরাপত্তা

গাড়ি চালানোর সময় বৈধ লাইসেন্স ও বিমা নিশ্চিত করতে হবে। সিটবেল্ট ব্যবহার, গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক আইন অনুসরণ করতে হবে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থল ত্যাগ না করে নাজম ও পুলিশের রিপোর্ট সংগ্রহ করতে হবে।

দুর্ঘটনা বা জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্সের জন্য ৯৯৭ এবং জরুরি সেবার জন্য ৯১১ অথবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে হবে। আহত ব্যক্তির প্রাণের ঝুঁকি না থাকলে তাকে অযথা স্থানান্তর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ওষুধ, মাদক ও স্বাস্থ্য সুরক্ষা

সৌদি আরবে ওষুধ নেওয়ার আগে দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (SFDA)-এর অনুমতি নিতে হবে। ওষুধের প্রেসক্রিপশন ও মূল প্যাকেট সঙ্গে রাখতে হবে। অনুমোদন ছাড়া অন্যের দেওয়া ব্যাগ, প্যাকেট বা ওষুধ বহন করা যাবে না। মাদক, মদ ও জুয়া থেকে সম্পূর্ণ দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মস্থলে নিরাপত্তাসামগ্রী ব্যবহার, পর্যাপ্ত পানি পান এবং গরমের সময় ছায়ায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি আরবে ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা জায়গায় সরাসরি সূর্যের আলোতে কাজ করা নিষিদ্ধএ বিষয়েও সতর্ক করা হয়েছে।

হজ-উমরাহ ও পারিবারিক বিষয়

উমরাহ, হজ ও জিয়ারতের ক্ষেত্রে নুসুক অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া হজে যাওয়া বা হাজি বহন করা যাবে না। বিয়ে আইন অনুযায়ী নিবন্ধন এবং সন্তানের জন্মনিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিপদে পড়লে কোথায় যোগাযোগ করবেন

কোনো সমস্যায় পড়লে দালালের মাধ্যমে সমাধানের চেষ্টা না করে সরাসরি বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের সহায়তা নিতে বলা হয়েছে। প্রয়োজনে দূতাবাসের অনুবাদ ও আইনি সহায়তা নেওয়া যাবে। আরবি ভাষায় লেখা কোনো কাগজের বিষয়বস্তু না বুঝে স্বাক্ষর করা যাবে না।

জরুরি যোগাযোগ নম্বর

জরুরি সেবা: ৯১১ (রিয়াদ, মক্কা, মদিনা ও পূর্বাঞ্চল)

অন্যান্য অঞ্চলে পুলিশ: ৯৯৯

অ্যাম্বুলেন্স: ৯৯৭

অগ্নিনির্বাপণ: ৯৯৮

ট্রাফিক পুলিশ: ৯৯৩

শ্রম অভিযোগ: ১৯৯১১

বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ: ৮০০১০০০১২৫

কনস্যুলার সেবা: ৮০০১০০০১২৬

প্রবাসবন্ধু কল সেন্টার: ১৬১৩৫

মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, দেশটিতে বৈধভাবে অবস্থান করতে হবে, স্থানীয় আইন মেনে চলতে হবে এবং সব ধরনের আর্থিক লেনদেনের প্রমাণ সংরক্ষণ করতে হবে। কোনো বিপদে পড়লে একা সিদ্ধান্ত না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নিতে হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com