সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর


সৌদি আরবে বসবাসরত অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। এখন থেকে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ওয়ার্ক ভিসার প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগেই পরিবারের যোগ্য সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাওয়া যাবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। সৌদি সরকারের এ উদ্যোগের ফলে দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে দেশটিতে বসবাসের প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্যবস্থার আওতায় অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসা বিদেশি কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলাকালীনই দেওয়া যেতে পারে। তবে এর জন্য নির্ধারিত সব শর্ত ও আবেদনের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

অর্থাৎ, পরিবারকে সৌদি আরবে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে বিদেশি কর্মীকে নিজের ওয়ার্ক ভিসা সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নতুন এ ব্যবস্থা চালু করা হয়েছে। এর অন্যতম লক্ষ্য হলো সৌদি আরবে বসবাসরত বিদেশি কর্মীদের জীবনযাত্রার মান উন্নত করা এবং দক্ষ কর্মীদের জন্য ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া সহজ করা।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট (ইকামা) দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

নতুন এই সিদ্ধান্তের ফলে সৌদিতে কর্মরত যোগ্য বিদেশি কর্মীদের পরিবার নিয়ে বসবাসের ক্ষেত্রে আগের তুলনায় অপেক্ষার সময় কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com