কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় হাজারো মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবার হোসেন সেলিম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ভাঙ্গা গোলচত্বর থেকে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা শুরু করেন তিনি। এক্সপ্রেসওয়ে হয়ে পুলিয়া পর্যন্ত গিয়ে শোভাযাত্রাটি আবার পুকুরিয়ায় ফিরে শেষ হয়।
এ সময় এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, একটি গোষ্ঠী বিদেশে বসে সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে ভাঙ্গা তথা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছেন।
তিনি বলেন, সবাই মিলেমিশে শান্তিতে থাকতে চান। কেউ যেন উসকানি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত না হন। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।
শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, তাদের অবস্থান সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে, শান্তির পক্ষে। নিষিদ্ধ গোষ্ঠী যাতে কোনো ব্যক্তি বা যানবাহনের ক্ষতি করতে না পারে, সে জন্য নেতাকর্মীরা রাজপথে রয়েছেন এবং থাকবেন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাদের লাগাতার কর্মসূচি চলবে।