তারা কেন এত দাদাগিরি করছে, প্রশ্ন তথ্যমন্ত্রীর


তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোনও অন্তর্বর্তী সরকার নয়, সংবিধান মেনে বর্তমান সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে এ কথা বলেন।

দেশের সংবিধানে সকলকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনও সুযোগ রাখা হয়নি জানিয়ে তিনি বলেন, নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী তখন রুটিন দায়িত্ব পালন করবেন। মন্ত্রী বা প্রধানমন্ত্রীর তখন একজন কনস্টেবল বদলির ক্ষমতাও থাকে না।

যেভাবে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, তা বিশ্বের বহুদিনের গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত রাষ্ট্রেও বিরল বলেও মন্তব্য করেন তিনি। মতবিনিময় সভায় নির্বাচন নিয়ে সুশাসনের জন্য নাগরিক-সুজনর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, একটি এনজিও যারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের টাকায় চলে তারা কেন নির্বাচন নিয়ে এত দাদাগিরি করছে?

প্রধানমন্ত্রী যে সর্বজনীন পেনশনের কথা বলেছেন তা অভাবনীয় বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

দেশের তিন কোটি মানুষ সামাজিক সুরক্ষার আওতায় ভাতা পাচ্ছে। বাংলাদেশে স্বামী পরিত্যক্তাদের ভাতা দেওয়া হয় যেটি ইউরোপের দেশগুলোতেও নেই। প্রধানমন্ত্রী তাঁর পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছেন। যোগ করেন হাছান মাহমুদ।


Copyright (c) 2019-2026 bzamin24.com