বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সুতার টানে: কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকারের মেরুদণ্ড শক্ত, কারণ তাদের সঙ্গে জনগণ রয়েছে। কোনো দৃশ্যমান বা অদৃশ্য শক্তির কাছে বঙ্গবন্ধুকন্যা মাথা নত করেন না। বরং বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সুতার টানে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র বিএনপি দেখতে পায় না। অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলের দিবাস্বপ্ন ভেস্তে যাওয়ায় বিএনপির দৃষ্টিসীমা এখন কুয়াশাচ্ছন্ন।

আজ দুপুরে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

দেশ এক অদৃশ্য শক্তি চালাচ্ছে বিএনপি নেতাদের এই বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎমুখী রাজনীতি বিএনপির সুবিধাবাদী রাজনীতির ওপর অমানিশার ছায়া ফেলেছে। বর্তমান সরকার কোনো দলের ওপর খবরদারি করে না বরং সরকার পরিচালনাকে পবিত্র দায়িত্ব মনে করে।

দেশে আতঙ্ক ও নির্মম রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ধর্মকে পুঁজি করে বিভেদ সৃষ্টিকারী সাম্প্রদায়িক অপশক্তি আতঙ্কে রয়েছে। আতঙ্কে রয়েছে আগুন সন্ত্রাসীরা। দেশের সাধারণ মানুষ আতঙ্কে নয় বরং ভালো আছে, স্বস্তিতে আছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com