চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ


সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে আটটায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।

এক সময়ের দাপুটে সেনাশাসক এরশাদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন ধরে সিএমএইচে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সময় যাচ্ছিলো তার।

গত ৪ জুলাই দুপুরে এরশাদকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তখন থেকে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যেতে থাকে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

উল্লেখ্য, প্রায় আট মাস ধরে অসুস্থ ছিলেন এরশাদ। গত ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। নির্বাচনে তিনি প্রার্থী হলেও কোনও প্রচারণায় অংশ নেননি।


Copyright (c) 2019-2026 bzamin24.com