ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বিশ্বের যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের নীতিগতভাবে বিরোধিতা করে চীন। একই অবস্থান থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধেও বেইজিং বাংলাদেশের পাশে থাকবে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ইয়াও ওয়েন বলেন, বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করা চীনের দীর্ঘদিনের বৈদেশিক নীতির অংশ। তিনি দাবি করেন, চীন নিজেও বিভিন্ন সময় বিদেশি হস্তক্ষেপের মুখোমুখি হয়েছে। তাই বাংলাদেশ বর্তমানে যে ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তা চীন উপলব্ধি করে এবং এ বিষয়ে বাংলাদেশের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রীর চীন সফরের পর প্রকাশিত যৌথ ইশতেহারের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, সেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতার বিষয়ে দুই দেশের অভিন্ন অবস্থান প্রতিফলিত হয়েছে।
এদিকে বাংলাদেশে চীনের জে-১০সি যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ইয়াও ওয়েন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে। এর মধ্যে সামরিক সংলাপ, সফর, প্রশিক্ষণ এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং ভবিষ্যতে প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত হবে।