বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২২ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেল ৪টার পর গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এবারের বইমেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বইমেলার মূল প্রতিপাদ্য- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

এর আগে সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য ১১ ক্যাটাগরিতে ১৫ বিশিষ্টজনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বই না পড়লে মনে হয় কী যেন হলো না, কি যেন জানলাম না। এই মেলা হচ্ছে আমাদের প্রাণের মেলা, কোনো কারণে এই মেলা হতে না পারলে আমাদের সকলেরই খারাপ লাগে।

তিনি বলেন, একটি জাতি সব সময় উন্নতি করতে পারে যদি তার ভাষা-সংস্কৃতিক উন্নতি হয়। আমাদের প্রতিটি আন্দোলনে আমাদের সংস্কৃতি সেবীদের অবদান রয়েছে। কবি, সাহিত্যিক, লেখক, সংস্কৃতিসেবী প্রত্যেকেই কিন্তু আমাদের আন্দোলন-সংগ্রাম এবং আমাদের অর্জনের পেছনে অবদান রেখে গেছেন।

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ৭ লাখ বর্গফুট জায়গায় বইমেলা অনুষ্ঠিত হবে।

মেলায় মোট ৩৫টি প্যাভিলিয়নসহ একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২টি প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিট; মোট ৫৩৪ টি প্রতিষ্ঠানকে ৭৭৬ টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com