আল-জাজিরার প্রতিবেদন ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ: স্বরাষ্ট্রমন্ত্রী


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি ভিত্তিহীন ও দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় রাজধানীর হাতিরঝিল পুলিশ প্লাজা কনকর্ডে নৌ পুলিশের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, প্রতিবেদনটি বিশেষ উদ্দেশ্য নিয়েই প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি তথ্যভিত্তিক নয়, এটা হলুদ সাংবাদিকতা।

স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার কারণে মদ আমদানি বন্ধ, যে কারণে ভেজাল মদের উৎপাদন বাড়ছে। অসাধু ব্যবসায়ীরা ভেজাল মদ বাজারে ছড়িয়ে দিচ্ছে। তাদের ধরতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কাজ করছে। অনেকে এরই মধ্যে ধরাও পড়েছে।

যারা মদ পান করেন, তাদের ভেজাল মদ পান না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে উৎপাদিত কেরু কোম্পানির উৎপাদন বন্ধ হয়নি। মদ পানে সবাইকে সতর্ক হতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে কি ঘটছে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমার সীমান্ত দিয়ে কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com