কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মাহবুবুর রহমানের মৃত্যু


মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাহবুবুর রহমান (৭২) মারা গেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তিনি মারা যান।

মাহবুবুর রহমান টাঙ্গাইলের মির্জাপুর থানার রাইনহাটি এলাকার মৃত আবদুল ওয়াদুদের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, যুদ্ধাপরাধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাহবুবুর রহমান। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার ভোরে তার অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, কারাগারের তার কয়েদি নং- ৪৪১২/এ ছিল। দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি এ কারাগারে বন্দি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com