বিশ্ব প্রতারকের তকমা পাওয়া রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ বুধবার (১৫ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরা সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকায় নৌকায় পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় একজন কালোবাজারির মাধ্যমে ডিঙি নৌকায় চেপে ভারতে পালানোর চেষ্টা করছিলেন তিনি।
বোরকা পরে নৌকায় উঠেছিলেন তিনি। ঠিক সেই সময় র্যাবের বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। র্যাব জানিয়েছে, তাদের একটি গোয়েন্দা দলের সাহেদকে অনুসরণ করছিল।
প্রসঙ্গত, গত ৬ জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে র্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়।
৭ জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র্যাব। মামলার এজাহারে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করা হয়।
এরপর থেকেই পালিয়ে ছিলেন শাহেদ। তাকে গ্রেপ্তারে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায় র্যাব। অবশেষে সাতক্ষীরা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন