বাংলাদেশি ১২ তাবলিগ জামাতের সদস্যের বিরুদ্ধে মামলা করল ভারত


তাবলিগ জামাতের সদস্য ১২ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা দায়ের করেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পুলিশ। এই ১২ জন বাংলাদেশি দিল্লির মারকাজ নিজামুদ্দিনের জামাতে অংশ নিয়ে গত দু'সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তরপ্রদেশের শামলি জেলার একটি তাবলিগ মসজিদে অবস্থান করছিলেন।

এই বারোজনের মধ্যে অন্তত দুজন ইতিমধ্যেই করোনা ভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, বাকিদেরও পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।

শামলির পুলিশ প্রধান ভিনিত জয়সোয়াল জানিয়েছেন, "পর্যটক ভিসা নিয়ে ভারতে প্রবেশ করার পর এই বিদেশি নাগরিকরা বেআইনিভাবে ধর্মীয় কর্মকান্ডে অংশ নিয়েছেন, এ কারণেই তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।"

তিনি আরও জানান, যে দুজন বাংলাদেশি নাগরিক এর মধ্যেই করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, তাদের এখন রাখা হয়েছে ঝিনঝিনা-র একটি স্বাস্থ্যকেন্দ্রের আইসোলেশন ওয়ার্ডে। ওই স্বাস্থ্যকেন্দ্রটিকে বিশেষভাবে করোনা ভাইরাস আক্রান্তদের জন্যই প্রস্তুত করা হয়েছে।

দু'জন বাংলাদেশি ছাড়াও ভারতের আসামের বাসিন্দা আর একজন তাবলিগ সদস্যও করোনা-আক্রান্ত হয়ে তাদের সঙ্গে একই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছেন।

বাকি আরও ১০ জন বাংলাদেশিকে নিকটবর্তী ভাওয়ান শহরের একটি সরকারি কলেজ ভবনে প্রশাসনিক ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শামলি জেলা প্রশাসন জানিয়েছে, ১২ জন বাংলাদেশি ও আসামের একজন বাসিন্দাকে নিয়ে তাবলিগের তেরোজনের ওই দলটি শামলিতে এসে পৌঁছে গত ১৭ই মার্চ।

সূত্র: বিবিসি বাংলা


Copyright (c) 2019-2026 bzamin24.com