ঢাকায় সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে ১৩ প্রার্থীই বৈধ


ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ছয় মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ভোটে প্রার্থী হতে ডিএনসিসির সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তবে যাচাই-বাছাইয়ে জাতীয় পার্টি মনোনীত জিএম কামরুল ইসলামের মনোনয়নটিপত্রটি বাতিল হয়ে যায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সাত প্রার্থী। আওয়ামী লীগ ও বিএনপিসহ দলীয় সব প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে যাচাই-বাছাই শেষে ডিএনসিসির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এ তথ্য জানান।

উত্তর সিটিতে বৈধ মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ এবং এনপিপির আনিসুর রহমান দেওয়ান।

ঢাকা দক্ষিণ সিটিতে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, এনপিপির বাহারানে সুলতান, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আক্তারুজ্জামান।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

 


Copyright (c) 2019-2026 bzamin24.com