বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের


বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবাদাতাদের মধ্যে আরও জনপ্রিয় করতে ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হওয়া ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআর লেনদেনের বিপরীতে অ্যাকোয়্যারিং প্রতিষ্ঠান ০.১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ০.২০ শতাংশ হারে প্রণোদনা পাবে।

ব্যক্তিগত খুচরা হিসাবের (পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট) মাধ্যমে যুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা ও সেবাদাতা এবং বৈধ ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টদের মাধ্যমে সম্পন্ন হওয়া লেনদেনের বিপরীতে মাসিক ভিত্তিতে এই প্রণোদনা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের ব্যবহার বাড়াতে গত ১০ আগস্ট জারি করা আগের বিজ্ঞপ্তিতে থাকা সংশ্লিষ্ট বিধানটি প্রতিস্থাপন করে নতুন এ নিয়ম চালু করা হয়েছে।

তবে আগের বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


Copyright (c) 2019-2026 bzamin24.com