‘অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি’


জ্বালানি তেল ক্রয়ের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সংক্রান্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

জ্বালানি খাতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশ এখনো সেই পথে যায়নি। তবে আগামী মাসে মূল্য সমন্বয় করা হবে কি না, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।

তিনি আরও জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে কিছুটা চাপ রয়েছে। তবে সংকট এতটা তীব্র নয় যে দীর্ঘ লাইন তৈরি হবে। মূল সমস্যা হচ্ছে তেলের অবৈধ মজুত ও পাচারের চেষ্টা, যার কারণে সাময়িক ঘাটতি দেখা দিচ্ছে।

জ্বালানি তেল কেনার অ্যাপ প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমেই তেল ক্রয় করতে হবে। এতে কে কতটুকু তেল কিনছেন এবং কখন কিনছেনসব তথ্য সংরক্ষিত থাকবে।

অন্যদিকে, বিদ্যুতের ঘাটতি না থাকলেও শহরে অনিয়ন্ত্রিতভাবে অটোরিকশা চলাচল করতে পারে না বলে উল্লেখ করেন তিনি। এ যানবাহনের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে, চালকদেরও পর্যাপ্ত প্রশিক্ষণ নেই। ফলে দুর্ঘটনা বাড়ছে। এই ঝুঁকিপূর্ণ যানবাহনের বিকল্প নিয়ে সরকার চিন্তাভাবনা করছে।

স্বল্পোন্নত দেশের (স্বল্পোন্নত দেশ) তালিকা থেকে উত্তরণে বাংলাদেশ এখনো প্রস্তুত নয় জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের কারণে এলডিসি থেকে উত্তরণে সরকারের পরিকল্পনা নেই।এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো দুর্নীতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে। দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করার পরেই এ কার্যক্রম গতিশীল করা হবে।হামের টিকা সংকট বর্তমান সরকারের নয় জানিয়ে তিনি বলেন, আগের সরকারের গাফিলতির কারণেই এ সংকট তৈরি হয়েছে। হামে শিশুরা মৃত্যুবরণ করছে। এটি দুঃখজনক। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেই ব্যাপারে ব্যবস্থা নেবে সরকার। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঝুঁকিপূর্ণ ৩০ এলাকায় টিকা কার্যক্রম শুরু করেছে এবং ৩ মে থেকে সারা দেশেই টিকা কার্যক্রম শুরু হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com