করোনা মহামারী, রাশিয়া- ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক মন্দার কবলে টালমাটাল বিশ্ব। বাংলাদেশও এর বাইরে নয়। তাই মুদ্রাস্ফীতি, ডলার সংকট আর নিত্য পণ্যের উর্ধ্বগতি যেন মানুষের নিত্য সঙ্গী। সংসার চালাতে যেখানে হিমসিম খাচ্ছে অসংখ্য পরিবার। বেড়েছে আমদানিকৃত সকল পণ্যের দাম। শুধুই খাদ্য পণ্যের দামই নয়।
মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হলো চিকিৎসা। সেখানেও পড়েছে ডলারের আচর। বেড়েছে চিকিৎসার খরচও। জীবন বাঁচাতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। আর সেটা যদি হয় হার্ট ফেইল এর মতো কোন বড় রোগের চিকিৎসা। সেক্ষেত্রে আরো কঠিন হয়ে পড়ছে চিকিৎসার সহজলভ্যতা। কেনই বা এই অবস্থা।
জানতে চাইলে কার্ডিয়াক সলিউশনের ডিরেক্টর জিল্লুর রহমান এমনটাই বলছিলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক মেডিকেল ডিভাইসের এম. আর. পি. নির্ধারণ করে থাকে।পূর্বে আমরা যখন এমআরপি পাই তখন ডলারের মূল্য ছিলো ১ ডলার=৮৬ টাকা, বর্তমানে ১ ডলারের বিপরীতে আমাদের পেমেন্ট করতে হয় ১১৩ টাকা। ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদেরকে অতিরিক্ত টাকা গুনতে হয় ফলে আমরা আমদানি করতে হিমশিম খাই। এ কারনেই আমাদের আবেদনের প্রেক্ষিতে ঔষধ প্রশাসন ডলারের সাথে এর মূল্য সমন্বয় করে দেয়।
ডলারের দামের সাথে সমন্বয় না করলে জীবন রক্ষাকারী পণ্য আমরা আমদানি করতে পারবো না, ফলে দেশের অনেক রোগী হার্টের জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে।
স্টেন্টের দাম বৃদ্ধিতে ব্যয়বহুল কার্ডিয়াক চিকিৎসা আরও ব্যয়বহুল হয়েছে। এক্ষেত্রে দামের সমন্বয় না হলে তাঁদের আমদানি ব্যহত হবে বলে জানান অন্য এক আমদানিকারক। তিনি বলেন ব্যাংকের এলসি খুলতে গেলেও সেটা চাহিদাওয়ারী এবং যথাসময়ে খোলা সম্ভব হয় না।
সরকার ১ ফেব্রুয়ারি থেকে ডলারের বিপরীতে টাকার তীব্র অবমূল্যায়নের কারণে কার্ডিয়াক স্টেন্টের দাম ২০-২৫ শতাংশ বাড়িয়েছে। বাংলাদেশে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক দাম বৃদ্ধির পর এর সর্বোচ্চ খুচরা মূল্য এখন ১ লাখ ২৫ হাজার ৫০০ টাকা। যা আগে ছিল ১ লাখ ৮ হাজার ৬২৮ টাকা।
বাংলাদেশে ঔষধ প্রশাসনের মূল্য-নির্ধারণ কমিটির মাধ্যমে নির্ধারিত সীমা অনুযায়ী স্টেন্টের মূল্য নির্ধারণ করা হয়। এটা ১.৪২ শতাংশ নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে সরবরাহকারীর পাশাপাশি ডিলারদের ট্যাক্স এবং লাভের পরিমাণ অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া এতে রিটেইলার কমিশনারদের জন্য ১১.৫ শতাংশ 'খুচরা কমিশন' অন্তর্ভুক্ত রয়েছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ বলেন, সম্প্রতিকালে টাকার মান কমে যাওয়ায় স্টেন্টের দাম বাড়ানো হয়েছে।
এ বিষয়ে আমদানিকারক, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। তবে ডলারের দাম স্বাভাবিক হলে আবার নতুন করে সমন্বয় করা হবে এমনটাই ধারণা অনেকের।