ইরানের ‘ফাত্তাহ-২’ ক্ষেপণাস্ত্র ঠেকানো কঠিন, চাপে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা


ইরানের অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-২ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। উড্ডয়নের সময় একাধিক অ্যালগরিদম ব্যবহার করে গতিপথ পরিবর্তনের সক্ষমতা থাকায় ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা কঠিন বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামরিক বিশ্লেষকদের মধ্যে।

সম্প্রতি আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলি রেজা বালালি ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন। তাঁর দাবি, ক্ষেপণাস্ত্রটি একটি নির্দিষ্ট গতিপথ বা একক অ্যালগরিদম অনুসরণ করে না। বরং উড্ডয়নরত অবস্থায় একাধিক অ্যালগরিদম ব্যবহার করে হঠাৎ গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে ক্ষেপণাস্ত্রটির পরবর্তী অবস্থান নির্ভুলভাবে অনুমান করা প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে পড়ে।

বালালি আরও দাবি করেন, শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতা বিশ্লেষণ করেই ফাত্তাহ-২ তৈরি করা হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই ক্ষেপণাস্ত্র প্রতিপক্ষের প্রতিরক্ষা বলয় ভেদ করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলেও দাবি করেন তিনি।

২০২৩ সালে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্র। ইরান এটিকে হাইপারসনিক গ্লাইড ভেহিকল (এইচজিভি) প্রযুক্তির অস্ত্র হিসেবে পরিচয় করিয়ে দেয়। প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এর গতিপথ পরিবর্তন ও দ্রুতগতিতে চলার সক্ষমতা একে প্রতিরোধের ক্ষেত্রে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের প্রেসিডেন্ট ইউভাল বাসেস্কি ২০২৫ সালের আগস্টে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রচলিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। ম্যাক-১০ গতির কোনো লক্ষ্যবস্তু প্রতিহত করতে প্রয়োজনীয় গতিসম্পন্ন ইন্টারসেপ্টর তৈরি করাও অত্যন্ত কঠিন।

বিশেষজ্ঞদের মতে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উচ্চগতি, গতিপথ পরিবর্তনের সক্ষমতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সীমাবদ্ধতা আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। ফলে এ ধরনের অস্ত্র মোকাবিলায় প্রচলিত প্রতিরক্ষা কৌশল ও প্রযুক্তিতে পরিবর্তন আনার প্রয়োজন দেখা দিচ্ছে।

তবে ফাত্তাহ-২-কে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা অসম্ভব কিংবা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এমন স্বীকারোক্তি দিয়েছেএমন দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ক্ষেপণাস্ত্রটির প্রকৃত সক্ষমতা নিয়েও আরও স্বাধীন সামরিক মূল্যায়ন প্রয়োজন।


Copyright (c) 2019-2026 bzamin24.com