স্বর্ণের দামে বড় পতন


আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। মার্কিন ডলারের দর বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী প্রকাশের আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে স্বর্ণের দাম কমেছে।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩০ দশমিক ৩৭ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫৭ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাউম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, স্বর্ণের বাজারে সাময়িক মন্দাভাব দেখা দিলেও সামগ্রিকভাবে দাম স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ফেডের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী প্রকাশ হলে মুদ্রানীতি ও সুদের হার নিয়ে নীতিনির্ধারকদের অবস্থান আরও স্পষ্ট হবে। এ অবস্থানের ওপর ভিত্তি করে ভবিষ্যতে সুদের হার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।

ওয়ালবাউমের মতে, সামনে দীর্ঘমেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার, ডলারের মূল্য এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি তেলের দামে পরিবর্তনও স্বর্ণের বাজারে প্রভাব ফেলতে পারে।

কমেছে অন্যান্য মূল্যবান ধাতুর দাম

স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ দশমিক ৫৪ ডলারে নেমেছে।

এ ছাড়া প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৭৯ দশমিক ২০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ১৫৪ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।

দেশের বাজারে স্বর্ণের বর্তমান দাম

এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।


Copyright (c) 2019-2026 bzamin24.com