ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর-রহমান’ বড় ভূমিকা রেখেছে: নওমান ইজাজ


ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কঠিন সময়ে নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত ও প্রার্থনা তাকে মানসিক ও আধ্যাত্মিক শক্তি জুগিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা নওমান ইজাজ। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুনে নওমান ইজাজের লিম্ফোমা ও একটি টিউমার শনাক্ত হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার অপসারণ করা হয়। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কেমোথেরাপি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করে নওমান ইজাজ বলেন, রোগ শনাক্ত হওয়ার দিন তার বন্ধু গোহর বাট তাকে নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াতের পরামর্শ দেন। এরপর তিনি নিয়মিত সূরাটি পড়া শুরু করেন।

অভিনেতার ভাষ্য, পরবর্তী সময়ে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে আর কোনো টিউমার খুঁজে পাননি। তার ভাষায়, সূরা আর-রহমান তিলাওয়াত শুরু করার পরই পরিস্থিতিতে এমন পরিবর্তন আসে।

নওমান ইজাজ বিশ্বাস করেন, তার সুস্থতার পেছনে সূরা আর-রহমান ও প্রার্থনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি ছোট অস্ত্রোপচারের পর নির্ধারিত কেমোথেরাপি শুরু করার ঠিক আগেই চিকিৎসকেরা তাকে জানান, অন্য টিউমারটি আর দেখা যাচ্ছে না।

ক্যানসারের যন্ত্রণাদায়ক চিকিৎসাপ্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়েই সুস্থ হয়ে ওঠার ঘটনাকে তিনি ঐশ্বরিক কৃপা ও অলৌকিকতার সঙ্গে তুলনা করেছেন। তার মতে, ক্যানসারের পুরো যাত্রাটিই তার জীবনে এক ধরনের অলৌকিক অভিজ্ঞতা।

নওমান ইজাজ জানান, ওই ঘটনার পর থেকে তিনি প্রতিদিন নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত করছেন। জীবনের এই অধ্যায়কে তিনি গভীরভাবে পরিবর্তনকারী এবং অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে মনে করেন।

নওমান ইজাজের ক্যারিয়ার

নওমান ইজাজ পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ও প্রবীণ টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। দীর্ঘ অভিনয়জীবনে তিনি অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছেপারিজাদ, সাং-ই-মাহ, ক্যায়সি তেরি খুদগার্জি, মায়ি রি, জ্যাকসন হাইটস ও রকিব সে। চলচ্চিত্রের মধ্যে রামচাঁদ পাকিস্তানি (২০০৮) ও ভিরসা (২০১০) উল্লেখযোগ্য।


Copyright (c) 2019-2026 bzamin24.com