যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সমালোচনার পরও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন ক্যাথলিক চার্চের নেতা পোপ লিও চতুর্দশ। তিনি বলেছেন, আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না এবং শান্তির বার্তা প্রচার অব্যাহত রাখব।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ এপ্রিল) পাপাল বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
পোপ লিও চতুর্দশ জানান, তিনি কোনো বিতর্কে জড়াতে চান না এবং তার বক্তব্য কাউকে আক্রমণ করার উদ্দেশ্যে নয় বরং তিনি বিশ্বজুড়ে শান্তি ও পুনর্মিলনের আহ্বান জানাচ্ছেন।
ইরান যুদ্ধ ইস্যুতে দেওয়া মন্তব্য নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ এড়ানোর সব উপায় খুঁজে বের করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি আরও বলেন, চার্চের মূল দায়িত্ব হলো শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং তিনি সেই দায়িত্ব পালনে অটল থাকবেন। তার ভাষায়, আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না, গসপেলের বার্তা জোরালোভাবে তুলে ধরব।
পোপ স্পষ্ট করেন যে চার্চ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় এবং তারা সরাসরি পররাষ্ট্রনীতি নির্ধারণ করে না। তিনি নিজেকে শান্তির দূত হিসেবে উল্লেখ করে বলেন, লক্ষ্য হলো মানুষকে সংঘাত থেকে দূরে রাখা এবং সংলাপের পথে এগিয়ে নেওয়া।