শত্রুর সঙ্গে অবস্থান ও তথ্য আদান-প্রদানের অভিযোগে ইরানে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রাষ্ট্র-সমর্থিত সংবাদ সংস্থা এসএনএন এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ভাড়াটে কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরিষেবা কেন্দ্র ও অবকাঠামোসহ সংবেদনশীল স্থানের তথ্য আদান-প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। এসএনএন জানিয়েছে, গ্রেপ্তারের পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে জব্দ করা হয়েছে ইলেকট্রনিক্স, স্যাটেলাইট সরঞ্জাম ও অস্ত্র।
গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ব্যাপক ধরপাকড় চলে দেশটিতে। সাম্প্রতিক সংঘাতের মধ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে এই বড় ধরনের গ্রেপ্তার অভিযান চালিয়েছে ইরান।
দেশটিতে এ সংক্রান্ত অপরাধ গুরুতর বিবেচনা করে সম্প্রতি গুপ্তচরবৃত্তি আইন সংশোধন করা হয়। আইনে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্তদের মৃত্যুদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রাখা হয়েছে।
সূত্র:আল জাজিরা