ইসলামী প্রজাতন্ত্র ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অন্তত তিনজন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। এছাড়া কুয়েতে একজন নিহত ও ৩২ জন আহত হন।
গতকাল শনিবার (১ মার্চ) ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা হিসেবে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে থাকে ইরান। এ হামলায় এ হতাহতের ঘটনাগুলো ঘটেছে।
ইরানের ছোড়া ১৬৫টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পেরেছে আমিরাত। এর মধ্যে ১৫২টি ধ্বংস করেছে এবং দুটি প্রতিহত করেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতির মাধ্যমে মন্ত্রণালয়টি আরও জানায়, ৫৪১টি ড্রোন শনাক্ত করা হয়েছে এর মধ্যে ৫০৬টিকে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
এসব হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক।
এ দিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ অঞ্চলে বিদ্যমান পরিস্থিতিতে একজন নিহত ও ৩২ জন আহত হয়েছে। আহতদেরকে আল-আদান হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।